রাত ১২:১৭ | বুধবার | ১০ জুন, ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল | ২৩ জিলহজ, ১৪৪৭

পটিয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ যুবদল নেতাকর্মীর বিরুদ্ধে

 

 

চট্টগ্রামের পটিয়ায় প্রেস ক্লাবে প্রকাশ্যে এক সাংবাদিকের ওপর যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও সাংবাদিক সূত্রে জানা যায়, পটিয়া পৌরসভা যুবদল নেতা এস এম রেজা রিপনের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল দুপুরে পটিয়া প্রেস ক্লাবে প্রবেশ করে। এ সময় তারা প্রেস ক্লাবে অবস্থানরত অন্য সাংবাদিকদের বের করে দেয়। পরে সাংবাদিক আবেদুজ্জামান আমিরীকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলায় আহত সাংবাদিক আবেদুজ্জামান আমিরী অভিযোগ করে বলেন, প্রতিদিনের মতো প্রেস ক্লাবে বসে থাকার সময় হঠাৎ এস এম রেজা রিপনের নেতৃত্বে একদল লোক প্রেস ক্লাবে প্রবেশ করে। তারা অন্য সাংবাদিকদের বের করে দিয়ে তাকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে যায় এবং হত্যার উদ্দেশ্যে মারধর করে।

আবেদুজ্জামান আমিরী বলেন, শ্রীমাই খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় দৈনিক যুগান্তরে গত ৬ মার্চ ‘শ্রীমাই খালে দুই যুবদল নেতার ধ্বংসযজ্ঞ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের পর বালু উত্তোলন বন্ধ হওয়ায় রেজা রিপন ক্ষুব্ধ ছিলেন। বিষয়টি স্থানীয় এমপি ও পটিয়া থানার ওসিকে আগেই জানানো হয়েছিল বলেও তিনি দাবি করেন।

এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পটিয়ার সাংবাদিক মহলে ক্ষোভ সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। তারা ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ও ফা / এনজি