জ্যেষ্ঠ প্রতিবেদক
ফিফা নিষেধাজ্ঞা থাকায় এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে পারছে না বাংলাদেশ ফুটবল লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ ঢাকা আবাহনী। তাই ফর্টিজ ও বাংলাদেশ পুলিশ এফসি গত লিগে তৃতীয় ও চতুর্থ হয়েও আন্তর্জাতিক অঙ্গনে প্রথম বার প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে। পুলিশকে জর্ডানে খেলতে যেতে হলেও ফর্টিজ হোমে খেলবে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডের বিপক্ষে।
ফর্টিজের হেড কোচ মাসুদ পারভেজ কায়সার বলেন, ‘আমরা হোম অ্যাডভান্টেজ নেয়ার জন্যই বিকেল তিনটায় দিয়েছি। গরমে কিছুটা হলেও তাদের অস্বস্তি থাকে।’ আবহাওয়ার কারণে ফর্টিজ সুবিধা পেলেও দলীয় প্রস্তুতিতে কিরগিজ ক্লাবই এগিয়ে, ‘ওদের দেশে লিগ চলছে। খেলোয়াড়েরা খেলার মধ্যে রয়েছে আমাদের এখনো মৌসুম শুরু হয়নি। পাশাপাশি তারা আন্তর্জাতিক অঙ্গনে অনেক অভিজ্ঞও’, বলেন কোচ৷
এএফসি চ্যালেঞ্জ লিগে বিদেশি ফুটবলার নিবন্ধন ও খেলানো নিয়ে কোনো বিধি নিষেধ নেই। তাই এই ম্যাচে আট জন বিদেশি নিয়ে অনুশীলন করছে ফর্টিজ, ‘প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ। এজন্য ম্যানেজমেন্ট সাধ্যমতো চেষ্টা করছে। শুধু এই ম্যাচের জন্য বিদেশি রয়েছে পাশাপাশি লিগের জন্যও আছে’, বলেন কায়সার।






