জ্যেষ্ঠ প্রতিবেদক
১৭ মে ২০২৬
শিক্ষাখাতে বরাদ্দ ও জাতীয় উন্নয়ন শীর্ষক প্রাক-বাজেট সংলাপ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একটি মডেল বাজেট প্রস্তাবনা উপস্থাপনার লক্ষ্যে নানা শ্রেণি-পেশার নাগরিকদের কাছে মতামত চেয়েছে দলটি।
আগামী ১৯ মে (মঙ্গলবার) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে শিক্ষাখাতে বরাদ্দ ও জাতীয় উন্নয়ন শীর্ষক এক প্রাক-বাজেট সংলাপের মাধ্যমে দলটির পক্ষ থেকে মডেল বাজেট প্রস্তাবনা উপস্থাপন করা হবে।
রোববার (১৭ মে) জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, জামায়াতে ইসলামী জাতীয় সংসদের প্রধান বিরোধী দল হিসেবে বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা ধারণ করে একটি মডেল বাজেট প্রস্তাবনা জাতির সামনে উপস্থাপন করবে। তারই অংশ হিসেবে আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট অধিবেশনকে সামনে রেখে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে মতামত সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
শিক্ষা একটি দেশের জাতীয় বাজেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত। এ খাতের বাজেট ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত, অর্থবহ পরিবর্তনের জন্য কী ধরনের পলিসি নেওয়া দরকার, সমস্যা ও সম্ভাবনা চিহ্নিতকরণসহ সামগ্রিক বিষয়ে শিক্ষা-সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের মতামত জানা প্রয়োজন বলে মনে করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এ প্রেক্ষিতে, আগামী ১৯ মে বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে শিক্ষাখাতে বরাদ্দ ও জাতীয় উন্নয়ন শীর্ষক এক প্রাক বাজেট সংলাপ আয়োজন করা হবে।
সংলাপে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা, সংসদ সদস্যরা, রাজনৈতিক নেতারা, শিক্ষাবিদ, শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থী প্রতিনিধি এবং শিক্ষাখাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
খা সা/ এনজি





