রাত ১২:১৬ | বুধবার | ৫ আগস্ট, ২০২৬ | ২১ শ্রাবণ, ১৪৩৩, বর্ষাকাল | ২১ সফর, ১৪৪৮

বাড়ির পাশে ক্ষেপণাস্ত্র হামলা: আতঙ্ক জয় করে ফ্রেঞ্চ ওপেনে কোস্তিউক

ইউক্রেনের রাজধানী কিয়েভে নিজের বাসার কয়েক মিটার দূরে আছড়ে পড়েছে রাশিয়ার ছোঁড়া ক্ষেপণাস্ত্র। ধ্বংসস্তূপের সেই ভয়ঙ্কর ছবি ও খবর মাথায় নিয়ে আজ রবিবার ফ্রেঞ্চ ওপেনের ক্লে কোর্টে নেমেছিলেন তারকা মার্তা কোস্তিউক। মানসিক উদ্বেগ ও আতঙ্ককে জয় করে ওকসানা সেলেখমেতেভাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন কোস্তিউক।

কোস্তিউক বলেন, ‘আমি ভাবতেই শিউরে উঠছিলাম যে, ক্ষেপণাস্ত্রটি যদি আর মাত্র ১০০ মিটার কাছাকাছি পড়ত, তবে আজ হয়তো আমার মা এবং বোন বেঁচে থাকত না। টেনিস একটি মানসিক খেলা, কিন্তু আজকের লড়াইটি ছিল সম্পূর্ণ অন্যরকম। আমি জানতাম না কীভাবে মনোযোগ ধরে রাখব বা নিজের চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করতে পারব কি না।’

চরম পারিবারিক দুশ্চিন্তা সত্ত্বেও কোর্টে কোনো প্রভাব পড়তে দেননি কোস্তিউক। দাপুটে টেনিস খেলে প্রথম সেট ৬-২ ব্যবধানে নেওয়ার পর দ্বিতীয় সেটেও ৬-৩ ব্যবধানে জয় নিশ্চিত করেন। এমনকি খেলার মাঝেই দর্শকদের চমকে দিয়ে দারুণ এক আন্ডারআর্ম সার্ভ করেন তিনি। হাসিমুখে কোস্তিউক বলেন, ‘যখন আমি ম্যাচে কিছুটা জায়গা পাই, এটা করতে ভালোবাসি। প্রতিপক্ষরা সবসময় এটা দেখে চমকে যায়।’

টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করার কথা ভাবেননি জানিয়ে তিনি বলেন, ‘সবাই বেঁচে আছে, ভালো আছে। যদি আরও খারাপ কিছু ঘটত তবে হয়তো কোর্টে নামা কঠিন হতো। কিন্তু আজকে আমি জানতাম যে আমাকে মাঠে নেমে লড়তে হবে।’

 

 

শা হা / এনজি