ভোর ৫:১৬ | বুধবার | ৫ আগস্ট, ২০২৬ | ২১ শ্রাবণ, ১৪৩৩, বর্ষাকাল | ২১ সফর, ১৪৪৮

কোনো কোনো মহল নির্বাচনকে বাধাগ্রস্থ করার ষড়যন্ত্র করছে —তারেক রহমান

 নিজস্ব প্রতিবেদক

৩১ জানুয়ারি ২০২৬

 

কোনো কোনো মহল নির্বাচনকে বাধাগ্রস্থ করার ষড়যন্ত্র করছে অভিযোগ করে জনগনকে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান।

শনিবার বিকালে জেলার এক নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যান এই আহ্বান জানান।

তিনি বলেন,‘‘ আপনাদের সকলের কাছে আমার আহ্বান থাকবে যে, এখনো কোন কোন মহল চেষ্টা করছে যে কিভাবে ভোটকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা যায়?  তাদের বিভিন্ন লোকজন গিয়ে বিশেষ করে যারা মা-বোন আছেন তাদেরকে গিয়ে বিভিন্নভাবে তাদের ওই এনআইডি নাম্বার নেওয়ার চেষ্টা করছে, তাদের বিকাশ নাম্বার নেওয়ার চেষ্টা করছে। এইভাবে করে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। “

‘‘ আপনারা যারা মা বোনরা আজকে এখানে উপস্থিত আছেন, ভাইয়েরা যারা উপস্থিত আছেন আপনারা আপনাদের ঘরে গিয়ে এরকম যদি কোন ঘটনা হয়ে থাকে সেই ব্যাপারে মা-বোনদেরকে আপনারা সতর্ক করবেন। আপনারা মুরুব্বিদেরকে সতর্ক করবেন যে যারা ভোটের আগে এইসব অনৈতিক কাজ করতে পারে তারা যদি সুযোগ পায় কিভাবে তারা দেশকে বিক্রি করে দিবে এই বিষয়ে তাদেরকে সতর্ক করতে হবে।”

তারেক রহমান বলেন, ‘‘আগামী দিন হচ্ছে দেশ গড়ার দিন। আগামী দিন হচ্ছে, দেশ গড়ার রাজনীতি। আগামী দিন হচ্ছে, মানুষের ভাগ্য বদল করার দিন। আগামী দিন হচ্ছে মানুষের শুভ যাত্রার দিন
‘‘ কাজেই আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি। আমরা যদি সকলে সতর্ক থাকি তাহলে আমাদের এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না, ইনশাল্লাহ।”

সমাবেশে টাঙ্গাইলের বিএনপি প্রার্থী যথাক্রমে স্বপন ফকির,  আব্দুস সালাম পিন্টু, ওবায়দুর হক নাসির, লুৎফুর রহমান মতিন, সুলতান সালাউদ্দিন টুকু,রবিউল আলম লাবলু, আবুল কালাম আজাদ সিদ্দিকী ও আহমেদ আজম খানকে পরিচয় করে দিয়ে তাদের হাতে ধানের শীষ তুলে দেন তারেক রহমান এবং টাঙ্গাইলবাসীকে তাদেরকে বিজয়ী করার আহ্বান জানান।

ভোটের দিন সকাল সকাল ভোট কেন্দ্রে যাওয়া  এবং ভোট কেন্দ্র পাহারা দেয়ার কথা উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘‘ভোট দিতে যে যাবেন সকাল বেলায় ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতে হবে আগের দিন থেকে। যাতে আপনার ভোটে অন্য কেউ আপনার নাম দিয়ে ফিল মেরে না আসতে পারে। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে।”

‘‘ যার যার এলাকার ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্রে আপনাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। যাতে যারা যারা ভোট দিতে চাচ্ছে যারা যারা ভোটার অবশ্যই তাদের ভোট দেবার অধিকার আছে কিন্তু সঠিক লোকটা ভোট দিচ্ছে নাকি অন্য কোন এলাকা থেকে এসে তার নাম দিয়ে কেউ ভোট দিচ্ছে এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। ”

টাঙ্গাইলের বিভিন্ন দাবি-দাওয়ার প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘‘ আমরা রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রার্থীরা আপনাদের সামনে  তাদের নিজ নিজ এলাকার বিভিন্ন দাবি উপস্থাপন করেছেন। ১২ তারিখে আপনারা ধানের শীষকে নির্বাচিত করলে ইনশাল্লাহ ১৩ তারিখে ধানের শীষ তথা বিএনপির সরকার গঠিত হলে আপনাদের এলাকার যে দাবিগুলো আছে পর্যায়ক্রমিকভাবে সেই উন্নয়নমূলক কাজগুলো আমরা শুরু করব।”

‘‘এই টাঙ্গাইল অঞ্চল এই টাঙ্গাইল অঞ্চল একটি অত্যন্ত ঐতিহ্যবাহী অঞ্চল। এই টাঙ্গাইলের শাড়ি আছে। বিভিন্ন রং ডিজাইনের শাড়ি আছে  এই শাড়িকে আমরা যদি চেষ্টা করি পরিকল্পিতভাবে আমরা উদ্যোগ গ্রহণ করি বাংলাদেশের গার্মেন্টসের জামা কাপড় যেরকম বিদেশে পাওয়া যায় এই শাড়িকেও আমরা একইভাবে বিদেশে রপ্তানি করতে পারব। এই টাঙ্গাইল থেকে টুপি পৃথিবীর বিভিন্ন দেশে যায়। এই যে নামাজ পড়ি নামাজ পড়ার সময় যে টুপি এই টাঙ্গাইলে তৈরি হয় এবং এই টুপি পৃথিবীর বিভিন্ন দেশে যায়। আমরা যদি উদ্যোগ গ্রহণ করি এই টুপিতে যারা কাজ করে আরো বহু সংখ্যক মানুষ এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। অর্থাৎ টাঙ্গাইলকে আমরা পরিকল্পিতভাবে একটু আগে টুকু (সালাউদ্দিন টুকু) যেই কথা বলল টাঙ্গাইলকে পরিকল্পিতভাবে আমরা পর্যায়ক্রমিকভাবে শিল্পের শহরে পরিণত করতে পারব।”

 টাঙ্গাইলে যমুনা নদীতে ব্যারেজ নির্মান, এই অঞ্চলে মিল কারখানা স্থাপন, আনারসকে প্রক্রিয়াজাত করে জুস তৈরির জন্য কারখানা প্রতিষ্ঠা, পাট শিল্প প্রভৃতি ক্ষেত্রে পরিকল্পনার কথাও বলেন তারেক রহমান।

তিনি বলেন, ‘‘আমরা যদি সকলে মিলে কাজ করি, সকলে মিলে যদি পরিকল্পনা গ্রহণ করি ইনশাল্লাহ তাহলে অবশ্যই শুধু টাঙ্গাইল নয় আমাদের সারা বাংলাদেশে আমরা আমাদের কাঙ্খিত পরিবর্তন আনতে সক্ষম হব। কিন্তু এই পরিবর্তন যদি আনতে হয় তাহলে অবশ্যই এই দেশের মালিক যারা এই জনগণকে আমাদের সাথে থাকতে হবে।”: ‘‘ কারণ মালিক ছাড়া তো কোন কাজ করা যাবে না  এই দেশের মালিক আপনারা যদি বিএনপির পাশে থাকেন, এই দেশের মালিক জনগণ আপনারা যদি বিএনপিকে সমর্থন দেন, এই দেশের মালিক জনগণ আপনারা যদি বিএনপিকে সামনে এগিয়ে দেন তাহলে ইনশাল্লাহ বিএনপি ধীরে ধীরে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম হব। ”

জেলা সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক সাবুর সঞ্চালনায় সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা সাইয়েদুল আলম বাবুল, বেনজীর আহমেদ টিটু, সাঈদ সোহরাব, শামসুজ্জামান সুরজসহ টাঙ্গাইলের ৮টি আসনের প্রার্থীরা বক্তব্য রাখেন।

উত্তরাঞ্চলে প্রচারাভিযানের দুইদিনে তারেক রহমান রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুরে চারটি নির্বাচনী সমাবেশ করেন তারেক রহমান। শেষ দিনে সিরাজগঞ্জে ও টাঙ্গাইল নির্বাচনী সমাবেশ শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান সন্ধ্যা সাড়ে ৬টায়।

 

জা ই / এনজি