রাত ৩:২০ | বৃহস্পতিবার | ২২ অক্টোবর, ২০২৬ | ৬ কার্তিক, ১৪৩৩, হেমন্তকাল | ১০ জমাদিউল আউয়াল, ১৪৪৮

চট্টগ্রামের সেই নজরকাড়া মণ্ডপে পূজা চেরি

বিনোদন ডেস্ক

দুর্গাপূজা এলেই মণ্ডপের সাজ নিয়ে আলাদা আলোচনা হয়। কোন মণ্ডপে কেমন সাজ হলো, প্রতিমা কেমন হলো, এ নিয়ে চর্চায় মেতে ওঠে মানুষ। এবার দেশে পূজা মণ্ডপ হিসেবে সবচেয়ে এগিয়ে চট্টগ্রামের উত্তর কাট্টলীর একটি মণ্ডপ।

সেই আলোচিত মণ্ডপেই এবার হাজির হলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পূজা চেরি। গতকাল মহানবমীতে তিনি ‘রিপু রজনী’ দর্শন করেছেন। এ সময় পূজার পরনে ছিল কালো রঙের শাড়ি, যেটায় জরি ও সুতার নান্দনিক নকশা করা।

চট্টগ্রামের ‘রিপু রজনী’ মণ্ডপে পূজা চেরি। ছবি : অভিনেত্রীর ফেসবুক

একগুচ্ছ ছবি পোস্ট করেছেন পূজা। কখনো তিনি ‘রিপু রজনী’তে প্রণাম করছেন, কখনো অন্য একটি মণ্ডপে দেবী দুর্গার আরাধনা করছেন। ছবির সঙ্গে একটি বার্তাও দিয়েছেন অভিনেত্রী।

পূজা লেখেন, ‘নবমী আমাদের মনে করিয়ে দেয়, দেবীকে মন্দিরে প্রতিষ্ঠা করা সহজ, কিন্তু নিজের চেতনায় প্রতিষ্ঠা করা কঠিন। যতদিন অন্যায়ের সামনে নীরবতা, নারীর অসম্মানে উদাসীনতা আর দুর্বলের কান্নায় নির্বিকারতা থাকবে, ততদিন দেবী আরাধনা পূর্ণতা পাবে না। সত্যিকারের পূজা তখনই, যখন অসুরবধ কেবল পৌরাণিক কাহিনি হয়ে থাকে না, বরং আমাদের বিবেকের প্রতিদিনের সংকল্প হয়ে ওঠে।’

চট্টগ্রামের মণ্ডপে পূজা চেরি। ছবি : অভিনেত্রীর ফেসবুক

পূজা নবমীর শুভেচ্ছা জানালেও আজ বিজয়া দশমীর মধ্য দিয়ে দুর্গাপূজা সম্পন হয়েছে। বিসর্জন কিংবা দশমী নিয়ে অভিনেত্রীকে এখনো (প্রতিবেদন লেখার সময় অব্দি) কোনো বার্তা দিতে দেখা যায়নি।

 

 

 

ফা আ/ এনজি