আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের গুলি ও বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ হতাহতের ঘটনা ঘটে। যারমধ্যে ১২ বছর বয়সী এক শিশুও আছে বলে বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন উদ্ধারকারীরা।
গাজার সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেছেন, “ইসরায়েলের হামলায় আজ বৃহস্পতিবার চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।”
বাসাল জানিয়েছেন, মধ্য গাজার আল-বুরুজি শরণার্থী শিবিরে ইসরায়েলের চালানো গুলিতে ১২ বছর বয়সী এক শিশুকে হত্যা করা হয়। আল-বুরুজির কয়েক কিলোমিটার দূরের আল-জাওয়াদা শহরে ইসরায়েলি বিমান হামলায় আরও দুজন প্রাণ হারান।
অপরদিকে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে ইসরায়েলি সেনাদের গুলিতে এক নারী নিহত হন।
ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর কাছে এ ব্যাপারে জানতে চাইলে তারা বলেছে, হামাসের সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। অপরদিকে খান ইউনিসে এক নারী নিহতের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তারা।
সূত্র: এএফপি
আ ই/ এনজি






