রাত ৮:৪৯ | বৃহস্পতিবার | ৫ নভেম্বর, ২০২৬ | ২০ কার্তিক, ১৪৩৩, হেমন্তকাল | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী

বিনোদন ডেস্ক

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। এদিকে আদালত প্রাঙ্গণে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। সাংবাদিকদের উপস্থিতিতে এক ব্যক্তির বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলে ফুটেজ দেখে তাকে শনাক্ত করার আহ্বান জানান অভিনেত্রী। 

পরীমনি বলেন, ‘এই তোমাদের ক্যামেরাতে রেকর্ড আছে না? তোমাদের সাংবাদিকদের মধ্যে একটা ছেলে আমার গায়ে হাত দিয়েছে। ফুটেজ দেখে খুঁজে বের করবে। সাংবাদিক হয়ে মেয়েদের গায়ে হাত দেয়, কত বড় সাহস! চোখে লাইট দেবে না, আমার সমস্যা হচ্ছে।’ এ সময় তিনি গালিগালাজও করেন।

আদালত প্রাঙ্গণে পরীমনি 

মামলাটির সাক্ষ্য গ্রহণের জন্য বুধবার (৪ নভেম্বর) দিন ধার্য ছিল। তবে ওই দিন আদালতে হাজির হননি পরীমনি। তার আইনজীবী সময় চেয়ে আবেদন করলেও তা গ্রহণ করেননি আদালত। বরং অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। এর আগে গত বছরের ২৬ জানুয়ারি মামলাটিতে পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। সেদিনও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।

এদিকে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন পরীমনি। সম্প্রতি গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব সিনেমা ‘সেপারেশন’-এ কাজ করেছেন তিনি। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ। পাশাপাশি ‘ফারজানা’ নামের একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজও প্রায় শেষ করেছেন অভিনেত্রী। তারেক রহমান পরিচালিত সিনেমাটির কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত রয়েছেন তিনি।

 

 

 

তো কা / এনজি