নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
১৬ অক্টোবর, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে চট্টগ্রামের জেএম সেন হল পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
আজ শুক্রবার জেএম সেন হল পরিদর্শনকালে তিনি প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনার বিষয়ে খোঁজখবর নেন।
সফরসূচি অনুযায়ী আগামী ২০ অক্টোবর সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের রহমতগঞ্জের জেএম সেন হলের দুর্গাপূজা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরিদর্শনকালে মেয়র অনুষ্ঠানস্থলের পরিবেশ, বিদ্যমান সুযোগ-সুবিধা এবং আয়োজনের বিভিন্ন দিক পর্যালোচনা করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে প্রস্তুতির অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ ও দায়িত্বশীল ভূমিকার প্রয়োজনীয়তা রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে ঘিরে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এ উপলক্ষে চসিক সড়ক মেরামত, পুনঃপিচঢালাই, সড়কে মার্কিং, বৃক্ষরোপণ এবং ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
জা ই / এনজি






