নিজস্ব প্রতিবেদক
১২ জানুয়ারি ২০২৬
পীর-আউলিয়ার পূণ্যভূমি সিলেট থেকেই নির্বাচনী প্রচারণাভিযান শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সিলেট বিএনপি। অতীতের ধারাবাহিকাতয় আগামী ২২ জানুয়ারি সিলেট থেকেই বিএনপি প্রধান নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, পীর-আউলিয়ার পূণ্যভূমি সিলেট থেকেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার নির্বাচনী প্রচারাভিযান শুরু করতে যাচ্ছেন। ২২ জানুয়ারি প্রথমে তিনি সিলেট শহরে হয়রত শাহ জালাল(রহ) এবং খাদিমনগরে হয়রত শাহ পরাণ(রহ) এর মাজার জিয়ারত করবেন। এই জিয়ারতের মধ্য দিয়ে চেয়ারম্যানের আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু হবে।
বিএনপি প্রতিষ্ঠার পর থেকে জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হয়ে এবং বেগম খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে সব কয়টি নির্বাচন সিলেটে থেকেই নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছেন। সেই ধারাবাহিকতায় তারেক রহমানও মাজার জিয়ারতের মধ্য দিয়ে তার প্রচারাভিযান শুরু করতে যাচ্ছেন।
এদিকে তারেক রহমানের সিলেটে আগমন উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে সিলেট জেলা বিএনপি ও মহানগর বিএনপি। জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী বলেন, আগামী ২২ জানুয়ারি ৩৬০ আউলিয়ার আধ্যাত্মিক নগরী সিলেট থেকে তারেক রহমান নির্বাচন প্রচার শুরু করবেন। এখানে উনি সকালে প্রথমে হয়রত শাহ জালাল (রহ.) এবং পরে শহর থেকে প্রায় ৮ কিলো মিটার দূরে খাদিম নগরে হয়রত শাহ পরাণ (রহ) মাজার জিয়ারত করবেন। এরপর সকাল ১১টায় আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনের প্রথম জনসভায় বক্তব্য রাখবেন।
তিনি আরও বলেন, আমরা বিএনপি চেয়ারম্যানের সিলেট আগমন উপলক্ষ্যে সমাবেশ অনুষ্ঠানের ব্যাপক প্রস্তুতি নিয়েছে। প্রায় দুই যুগের পর তারেক রহমান সিলেট আসছেন, সেজন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সিলেটবাসী। প্রথমত চেয়ারম্যান হিসাবে প্রথম সফর আর দ্বিতীয় আমরা সিলেটবাসী আমাদের পরম আত্মীয়কে বরণ করার জন্য আমরা অধীর আগ্রহে আছি।
সিলেটের জনসমাবেশ শেষ করে তারেক রহমান সিলেট-ঢাকা মহাসড়ক পথে তার নির্বাচনী প্রচারাধিভার শুরু করবেন জানিয়ে কাইয়ুম চৌধুরী জানান, সিলেটের পর ওই মহাসড়ক পথে সব নির্বাচনী এলাকায় একটি করে সমাবেশে বক্তব্য রাখবেন। সিলেট শহরের পর সিলেট-ঢাকা মহাসড়ক পথে মৌলবীবাজার, হবিগঞ্জ, ব্রাক্ষনবাড়ীয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়নগঞ্জ জেলা রয়েছে সেসব এলাকায় একটি করে পথসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান।
সিলেটের নেতারা তারেক রহমানের সিলেট সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। কারণ বিএনপির চেয়ারম্যান হিসেবে প্রথম কোনো জনসমাবেশে তিনি বক্তব্য রাখবেন এবং দলের নির্বাচনী অঙ্গীকারগুলো জনসমক্ষে তুলে ধরবেন।
সিলেট সফরের পুরো কর্মসূচি এখনো কেন্দ্রীয় ভাবে ঘোষণা করা হয়নি। নির্বাচন পরিচালনা কমিটি জানায়, সফরসূচি চূড়ান্ত হলে গণমাধ্যমকে জানানো হবে যথা সময়ে। তবে গত শনিবার রাজধানীর বনানীর শেরাটন হোটেলে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান বলেছেন, সামনে নির্বাচন। আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই আমরা ২২ তারিখ থেকে আমাদের সব রকম পরিকল্পনা নিয়ে জনগনের সামনে যাব।
সর্বশেষ ২০০৫ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দলের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে তারেক রহমান সিলেটে এসেছিলেন। ১৭ বছর পর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই গত ৩০ ডিসেম্বর তার মা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জা ই / এনজি






