দুপুর ১২:৫৭ | শুক্রবার | ১৯ জুন, ২০২৬ | ৫ আষাঢ়, ১৪৩৩, বর্ষাকাল | ৩ মহর্‌রম, ১৪৪৮

রাষ্ট্র পরিচালনায় শরিয়াহর প্রাধান্যসহ ৩০ দফা ইশতেহার ইসলামী আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক

 ০৪ ফেব্রুয়ারি ২০২৬

‘জনপ্রত্যাশার ইশতেহার’ নামে দলীয় ইশতেহার ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। পুরানা পল্টন, ঢাকা, ৪ ফেব্রুয়ারি ২০২৬

রাষ্ট্র পরিচালনায় সর্বত্র শরিয়াহর প্রাধান্যসহ মৌলিক ৩০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মৌলিক ইশতেহারের বাইরে ১২টি বিশেষ কর্মসূচি, আট দফা নীতিগত অবস্থান, রাষ্ট্র সংস্কারে ছয় দফা পরিকল্পনা এবং খাতভিত্তিক ২৮ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেছে দলটি।

আজ বুধবার বিকেলে ‘জনপ্রত্যাশার ইশতেহার’ নামে দলীয় ইশতেহার ঘোষণা করে ইসলামী আন্দোলন। রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে দলের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এ ইশতেহার ঘোষণা করেন। এ সময় দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া এতে আর্থিক, সামরিক ও কূটনৈতিক সক্ষমতা বৃদ্ধি, নারী, শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকারসহ সব জনগোষ্ঠীর মৌলিক ও মানবাধিকারের সুরক্ষা, রাষ্ট্র-সমাজ ও অর্থনীতিতে বৈষম্য বিলোপ,⁠সবার জন্য সাশ্রয়ী ও উন্নত স্বাস্থ্যব্যবস্থা, পরিবেশদূষণ রোধ, দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু অভিঘাত মোকাবিলায় গুরুত্ব, ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও পারস্পরিক সহাবস্থান, জনমতের যথার্থ প্রতিফলন, সুষ্ঠু নির্বাচন ও কার্যকর সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি বাস্তবায়নের প্রতিশ্রুতিও রয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ তাঁদের নির্বাচনী ইশতেহারে ১২ দফা বিশেষ কর্মসূচিও রেখেছে। এর মধ্যে হতদরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রতি মাসে পাঁচ হাজার টাকা নগদ সহায়তা, ১৮ থেকে ২৪ বছরের যুবকদের জন্য সুদমুক্ত ও জামানতবিহীন এককালীন ঋণের ব্যবস্থা, সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি বা স্বাস্থ্যকার্ড চালু, কৃষিকার্ড চালুর মতো প্রতিশ্রুতি রয়েছে।

 

জা ই / এনজি