রাত ১:৪৭ | শুক্রবার | ১৯ জুন, ২০২৬ | ৫ আষাঢ়, ১৪৩৩, বর্ষাকাল | ৩ মহর্‌রম, ১৪৪৮

রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগ: সংসদে বিরোধী দলের ওয়াকআউট

সংসদ করেসপন্ডেন্ট

 

অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তর করার প্রক্রিয়ায় ‘রাজনৈতিক সমঝোতা’ ভঙ্গের অভিযোগ তুলে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’-এর একটি সংশোধনী এবং আরও ১৬টি অধ্যাদেশ পাসে সরকারের কালক্ষেপণের প্রতিবাদে এ সিদ্ধান্ত নেন তারা।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে এ পরিস্থিতির সৃষ্টি হয়। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী সদস্যরা সংসদ কক্ষ ত্যাগ করেন।

কিন্তু বিলটি পাসের মাত্র ৩০ মিনিট আগে রহস্যজনকভাবে একটি সংশোধনী আনা হয়।সংশোধনীতে জাদুঘরের পরিচালনা পর্ষদের প্রধান হিসেবে বিশেষজ্ঞের পরিবর্তে সংস্কৃতিমন্ত্রীকে রাখার প্রস্তাব করা হয়।
বিরোধিতার জবাবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘এই সংশোধনী সরকার আনেনি, এটি একজন বেসরকারি সদস্যের (আনিসুর রহমান) প্রস্তাব। আর পর্ষদের প্রধান হিসেবে মন্ত্রী থাকা একটি সাধারণ রেওয়াজ, এটি দলীয়করণ নয়।’আইনমন্ত্রী আসাদুজ্জামান যোগ করেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেকোনো সদস্য সংশোধনী আনতে পারেন। এই সংশোধনীর মাধ্যমে সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছে, যাতে পর্ষদের কেউ দুর্নীতি বা জুলাই অভ্যুত্থানের স্পিরিটবিরোধী কাজ করলে তাকে অপসারণ করা যায়।’

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সরকারের এ অবস্থানে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আলোচনা ছাড়া শেষ মুহূর্তে সংশোধনী আনলে আস্থার সংকট তৈরি হয়। আজ রাত ১২টার মধ্যে অধ্যাদেশগুলো বিল হিসেবে পাস না হলে সেগুলো তামাদি হয়ে যাবে। আপনারা ১৬টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ (দুদক, মানবাধিকার কমিশন, তামাক নিয়ন্ত্রণ ইত্যাদি) আটকে রেখেছেন কেন?’

জবাবে আইনমন্ত্রী জানান, দুর্নীতি দমন কমিশন ও মানবাধিকার কমিশনসহ ১৬টি অধ্যাদেশকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করার জন্য আরও যাচাই-বাছাই করা হচ্ছে। এগুলো পরবর্তীতে বিরোধী দলের সঙ্গে আলোচনা করেই আনা হবে।

আইনমন্ত্রীর আশ্বাসে সন্তুষ্ট হতে পারেনি বিরোধী দল। বিরোধী দলীয় নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বর্তমান সমঝোতাই যদি রক্ষা না হয়, তবে ভবিষ্যতের আলোচনার আশ্বাস অর্থহীন। আমাদের দাবির প্রতি সম্মান দেখানো হয়নি এবং স্বচ্ছতার অভাবে আস্থার সংকট তৈরি হয়েছে।’ এই অভিযোগ তুলে তিনি বিরোধী দলের পক্ষ থেকে সংসদ থেকে ওয়াকআউটের ঘোষণা দেন।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘১৯৭১ থেকে ২০২৪ পর্যন্ত সব স্বৈরাচারবিরোধী সংগ্রামের ইতিহাস এখানে সংরক্ষিত থাকবে। এটি কোনো দলের নয়, এটি জাতির সম্পদ।’

 

 

জা ই/ এনজি