ভোর ৫:১৭ | শুক্রবার | ১৯ জুন, ২০২৬ | ৫ আষাঢ়, ১৪৩৩, বর্ষাকাল | ৩ মহর্‌রম, ১৪৪৮

ভারত মহাসাগরে ইরানের তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

ভারত মহাসাগরে ইরানের তেলবাহী আরেকটি ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

তারা বলেছে, ‘ম্যাজিস্টিক এক্স’ নামে ট্যাংকারটি ভারত মহাসাগর থেকে জব্দ করা হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এ জাহাজ জব্দের একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, হেলিকপ্টার থেকে তাদের সেনারা বিশালাকৃতির জাহাজটিতে নেমে এটির নিয়ন্ত্রণ নিচ্ছেন।

বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, “ইরানকে যারা সরঞ্জাম বা রসদ দিয়ে সাহায্য করছে, সেইসব অবৈধ চক্রকে রুখে দিতে এবং তাদের জাহাজগুলোকে আটক করতে বিশ্বের যেকোনো প্রান্তেই আমাদের সামুদ্রিক অভিযান জোরদার রাখা হবে।”

শিপ ট্র্যাকিং ডাটাতে দেখা গেছে, ম্যাজিস্টিক এক্স ট্যাংকারটি ভারত মহাসাগরে ইন্দোনেশিয়া এবং শ্রীলঙ্কার মাঝামাঝি জায়গায় অবস্থান করছিল। এখান থেকেই টিফানি নামে আরেকটি জাহাজ জব্দ করেছিল মার্কিন সেনারা।

ইরান তাৎক্ষণিকভাবে ট্যাংকার জব্দের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তবে গতকাল দেশটির নৌ কমান্ডোরা হরমুজ প্রণালিতে দুটি জাহাজ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল।

ম্যাজিস্টিক এক্স গায়ানার পতাকাবাহী একটি জাহাজ। আগে এটির নাম ছিল ফনিক্স। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এ ট্যাংকারটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

 

 

সূত্র: এপি