সকাল ১১:১৫ | বুধবার | ২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩, শরৎকাল | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮

‘ব্রাজিল-বাংলাদেশ ম্যাচ হলেও দেশের ফুটবল পরিবর্তন হবে না’

জ্যেষ্ঠ প্রতিবেদক

গেল কয়েকদিন ধরে দেশের ক্রীড়াঙ্গনে আলোচনায় ব্রাজিলের আগমন। পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছে। বাফুফেও ব্রাজিলের সঙ্গে বাংলাদেশ দলের ম্যাচ আয়োজন নিয়ে ভাবছে। এমন বড় ম্যাচ আয়োজনের ক্ষেত্রে সরকারের অনেক বড় সহায়তা ও ভূমিকা দরকার বলে গতকাল বাফুফের এক সদস্য সাংবাদিকদের সরাসরিই বলেছেন। 

ব্রাজিল বাংলাদেশে আসতে চায় এটা ইতিবাচক। বাংলাদেশে ব্রাজিলের অগণিত সমর্থক থাকলেও বাফুফেকে ব্রাজিল ম্যাচ আয়োজনের জন্য গুণতে হবে কোটি কোটি টাকা। বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ শেষ পর্যন্ত আয়োজন হলেও এত ব্যয়ে দেশের ফুটবলে প্রকৃত উন্নয়ন কতটুকু হবে অন্য সবার মতো ক্রীড়া প্রতিমন্ত্রীও সন্দিহান।

ফুটবলে অবকাঠামো ও মেধাবী ফুটবলার পাইপলাইন নিয়ে মন্ত্রী আরও বলেন,‘আমাদের যে ফুটবল অবকাঠামো সমস্যা রয়েছে। ফেডারেশন কাজ করছে আমরাও সহায়তা করছি। নতুন কুঁড়ির মাধ্যমে ফুটবলসহ অন্য খেলাতেও প্রতিভাবান ক্রীড়াবিদ তুলে আনার চেষ্টা চলছে।’

২০১১ সালে ঢাকায় আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রীতি ম্যাচ খেলেছিল। সেই ম্যাচের ঋণ এখনো বাফুফে বয়ে বেড়ায়। ঐ ম্যাচের পর থেকে ফুটবলাঙ্গনে আলোচনা ছিল আর্জেন্টিনা-ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ নয় কেন? নানা সীমাবদ্ধতা ও পারিপাশ্বিকতার মধ্যেও যদি শেষ পর্যন্ত বাংলাদেশ ব্রাজিল ম্যাচ হয় সেটা আবার মাইলফলক হিসেবেই দেখছেন ক্রীড়া প্রতিমন্ত্রী,‘বিষয়টি এখনো বেশ প্রাথমিক অবস্থায় রয়েছে। বাফুফে ব্রাজিল প্রতিনিধি দলকে ভেন্যু দেখিয়েছে। এই বিষয়ে আমাদের সারাংশ জানাবে। ব্রাজিল যদি আসে, আমাদের বাংলাদেশের সঙ্গে খেলে সেটা অবশ্যই অনেক বড় অ্যাচিভমেন্ট (অর্জন) হবে।’