বিকাল ৫:২০ | বৃহস্পতিবার | ৭ মে, ২০২৬ | ২৪ বৈশাখ, ১৪৩৩, গ্রীষ্মকাল | ১৯ জিলকদ, ১৪৪৭

বিশ্বকাপ স্কোয়াড থেকে মেক্সিকান ফুটবলারদের বাদ দেওয়ার হুমকি

স্পোর্টস ডেস্ক
৭ মে ২০২৬

 

লিগা এমএক্স (মেক্সিকান লিগ) খেলতে ক্লাবে থেকে যাবেন নাকি জাতীয় দলের হয়ে বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেবেন? এমন কঠিন সমীকরণের মুখে পড়েছে মেক্সিকোর ঘরোয়া লিগের ফুটবলাররা। দেশটির ফুটবল ফেডারেশন সাফ জানিয়ে দিয়েছে, বুধবার রাতের মধ্যে ক্যাম্পে রিপোর্ট না করলে সেই খেলোয়াড়কে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ দেওয়া হবে।

মেক্সিকো সিটির এই ক্যাম্পটি ফিফার নির্ধারিত আন্তর্জাতিক উইন্ডোর বাইরে অনুষ্ঠিত হচ্ছে। একই সময়ে মেক্সিকান লিগের প্লে-অফ এবং কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ চলায় ক্লাবগুলো তাদের সেরা খেলোয়াড়দের ছাড়তে রাজি না। বিশেষ করে তোলুকা এবং চিভাস ডি গুয়াদালাহারার মতো ক্লাবগুলো তাদের খেলোয়াড়দের ধরে রাখার চেষ্টা করলে ফেডারেশনের সাথে দ্বন্দ্ব চরমে পৌঁছায়।

২০ জন খেলোয়াড়কে নিয়ে আয়োজিত এই ক্যাম্প থেকে অন্তত ১২ জন খেলোয়াড় চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাবেন। মেক্সিকোর প্রধান কোচ হাভিয়ের আগুইরে সংবাদ সম্মেলনে স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘যারা আসবে না, তারা বিশ্বকাপের বাইরে থাকবে। এখানে নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই।’

এদিকে ক্লাবগুলো শেষ পর্যন্ত ফেডারেশনের চাপের কাছে নতি স্বীকার করেছে। চিভাস কর্তৃপক্ষ জানিয়েছে, তারা খেলোয়াড়দের বিশ্বকাপ খেলার স্বপ্ন নষ্ট করতে চায় না, তাই নির্ধারিত সময়েই তাদের ছেড়ে দেওয়া হবে।

মেক্সিকো ১১ জুন এস্তাদিও আসতেকাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। তার আগে তারা ঘানা, অস্ট্রেলিয়া এবং সার্বিয়ার বিপক্ষে খেলবে প্রস্তুতি ম্যাচ।

 

 

কা হি / এনজি