স্পোর্টস ডেস্ক
০৭ জানুয়ারি ২০২৬
মুম্বাইয়ে ক্রিকেট কিংবদন্তি শচিন টেন্ডুলকারের পরিবারে উৎসবের আমেজ বিরাজ করছে। শচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার আগামী ৫ মার্চ বিয়ে করতে যাচ্ছেন তার বাগদত্তা সানিয়া চন্দোককে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
বিবাহের আনুষ্ঠানিকতা ৩ মার্চ থেকে শুরু হবে এবং বেশির ভাগ আয়োজন মুম্বাইতেই অনুষ্ঠিত হবে। টেন্ডুলকার পরিবারের দীর্ঘদিনের রীতি অনুযায়ী বিয়েটি হবে একান্ত পারিবারিক ও মার্জিত আয়োজনে, যেখানে অতিথি তালিকাও সীমিত রাখা হবে।
অর্জুন ও সানিয়ার বাগদানও হয়েছিল গত বছরের আগস্ট মাসে, যা ঘরোয়া পরিবেশে নীরবে সম্পন্ন হয়েছিল। শচিন টেন্ডুলকার নিজেই এক রেডিট AMA সেশনে এই বাগদানের খবর নিশ্চিত করেন এবং বলেন, আমরা সবাই অর্জুনের জীবনের এই নতুন অধ্যায় নিয়ে খুবই আনন্দিত।
সূত্র জানায়, ছোটবেলা থেকেই অর্জুন ও সানিয়া একে অপরকে চিনতেন এবং টেন্ডুলকার ও ঘাই পরিবারের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক রয়েছে। ধীরে ধীরে সেই বন্ধন থেকে তাদের সম্পর্ক গড়ে ওঠে, যা কখনোই প্রচারের আলোয় আনা হয়নি।
কা হি / এনজি






