সকাল ৮:১৪ | শুক্রবার | ১৯ জুন, ২০২৬ | ৫ আষাঢ়, ১৪৩৩, বর্ষাকাল | ৩ মহর্‌রম, ১৪৪৮

ছয় ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন উইঙ্গার

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০২৬

 

গত ফেব্রুয়ারিতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে একটি বিতর্কিত ঘটনার পর আজ (শুক্রবার) বেনফিকা উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নিকে ছয় ম্যাচ নিষিদ্ধ করল উয়েফা।

ইউরোপিয়ান ফুটবল সংস্থা জানিয়েছে, ‘বর্ণবৈষম্যমূলক আচরণের (সমকামবিদ্বেষী) জন্য’ আর্জেন্টাইন উইঙ্গারকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।

চ্যাম্পিয়ন্স লিগ প্লে অফের সেই ম্যাচে একমাত্র গোলের পর বেনফিকার কর্নার ফ্ল্যাগের সামনে গিয়ে উন্মত্ত উদযাপন করেন ভিনিসিয়ুস। সামনে ছিলেন স্বাগতিক দর্শকরাও। বিষয়টি মোটেও ভালো লাগেনি প্রেস্তিয়ান্নি ও বেনফিকার অন্য খেলোয়াড়দের।

কিছুক্ষণ পরই ভিনিসিয়ুস প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ আনেন। রেফারি ম্যাচ বন্ধ করে দেন। তার সতীর্থ কিলিয়ান এমবাপে জানান, প্রেস্তিয়ান্নি জার্সিতে মুখ ঢেকে ‘বানর’ বলেছিলেন ব্রাজিলিয়ানকে। আর্জেন্টাইন ফরোয়ার্ড উয়েফাকে জানান, বর্ণবাদী কোনো মন্তব্য তিনি করেননি। ‘সমকামীবিরোধী’ একটি শব্দ ব্যবহার করেন তিনি।

উয়েফার তদন্ত চলমান থাকতেই প্রেস্তিয়ান্নিকে দ্বিতীয় লেগের জন্য নিষিদ্ধ করা হয়। এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেলায় আর দুই ম্যাচ খেলতে পারবেন না এই উইঙ্গার। এই শাস্তি প্রযোজ্য হবে বিশ্বকাপেও, যদি তাকে আর্জেন্টিনার স্কোয়াডে রাখা হয়। কারণ এই নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী বর্ধিত করতে ফিফাকে অনুরোধ করেছে উয়েফা। অন্যথায় এই শাস্তি তিনি পাবেন আগামী মৌসুমের উয়েফা প্রতিযোগিতাগুলোতে। আর আগামী দুই বছরের মধ্যে আবার একই অপরাধ করলে স্থগিত থাকা তিন ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হবে।

 

 

কা হি/ এনজি