সন্ধ্যা ৬:৩০ | বৃহস্পতিবার | ৬ আগস্ট, ২০২৬ | ২২ শ্রাবণ, ১৪৩৩, বর্ষাকাল | ২২ সফর, ১৪৪৮

কুষ্টিয়া-৩ : বিএনপির পরাজিত প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন জামায়াতের আমির হামজা

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া

কুষ্টিয়া–৩ আসনে বিএনপির পরাজিত প্রার্থী জাকির হোসেন সরকারকে মিষ্টিমুখ করাচ্ছেন জামায়াতের জয়ী প্রার্থী আমির হামজা। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে শহরের কোর্টপাড়া এলাকায় জেলা বিএনপির কার্যালয়েকুষ্টিয়া–৩ আসনে বিএনপির পরাজিত প্রার্থী জাকির হোসেন সরকারকে মিষ্টিমুখ করাচ্ছেন জামায়াতের জয়ী প্রার্থী আমির হামজা। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে শহরের কোর্টপাড়া এলাকায় জেলা বিএনপির কার্যালয়েছবি: সংগৃহীত

 

 

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির পরাজিত প্রার্থী জাকির হোসেন সরকারকে মিষ্টিমুখ করিয়েছেন জামায়াতের জয়ী প্রার্থী মো. আমির হামজা। তিনি গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে শহরের কোর্টপাড়া এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে নেতা–কর্মীদের সঙ্গে নিয়ে জাকির হোসেনকে মিষ্টিমুখ করান।

আলাপচারিতা ও মিষ্টিমুখ করানোর ছবি বিএনপি ও জামায়াতের নেতা–কর্মীরা ফেসবুকে পোস্ট করেছেন।

জামায়াতের জয়ী প্রার্থী আমির হামজা বলেন, ‘নির্বাচন শেষ। এখন আমাদের মূল লক্ষ্য কুষ্টিয়ার মানুষের কল্যাণ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সব রাজনৈতিক নেতা ও সচেতন নাগরিকদের নিয়ে আমরা উন্নয়নের কাজ এগিয়ে নিতে চাই। রাজনৈতিক ভিন্নমত থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দীন জোয়ার্দার, কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হকসহ স্থানীয় জামায়াত ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ৩ (সদর) আসনে আমির হামজা ১ লাখ ৮২ হাজার ৪৭৬ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী জাকির হোসেন সরকার পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৫৯৯ ভোট।

 

 

জা ই / এনজি