মতামত
গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের ‘নিঃসঙ্গতার একশ বছর’ উপন্যাসে হোসে আরকাদিও বুয়েন্দিয়া ও উরসুলা ইগুয়ারান একদল মানুষকে নিয়ে মাকোন্দো নামে নতুন বসতি গড়ে তোলেন। বুয়েন্দিয়া বাড়িগুলো এমনভাবে সাজান, যাতে নদী থেকে পানি আনতে সবার প্রায় সমান পরিশ্রম হয়।
রাস্তার বিন্যাসেও খেয়াল রাখেন, দিনের প্রচণ্ড রোদ যেন কোনো বাড়ির ওপর অন্যটির চেয়ে বেশি না পড়ে। একখণ্ড কল্পিত জনপদ নির্মাণ করতে গিয়ে মার্কেস আমাদের খুব বাস্তব একটি প্রশ্নের সামনে দাঁড় করান, একসঙ্গে বাস করার নিয়ম কে বানায়, আর সেই নিয়মে কার ভাগে কতটা পানি, রোদ কিংবা স্বস্তি পড়ে?
মাকোন্দোর সেই প্রশ্ন আজ গোটা পৃথিবীর। আমরা একই বায়ুমণ্ডলে শ্বাস নেই, একই গ্রহের নদী, সমুদ্র ও জলবায়ুর সঙ্গে যুক্ত থাকি। খাদ্য, জ্বালানি, প্রযুক্তি ও অর্থনীতিতে পরস্পরের ওপর নির্ভর করি। অথচ যুদ্ধের সিদ্ধান্ত, সম্পদের ব্যবহার কিংবা পরিবেশের ক্ষতি করার ক্ষমতা সবার সমান নয়। অস্থিরতার উৎস এক জায়গায়, তার মূল্য দিতে হয় বহু দূরের মানুষকে।
সম্প্রতি দ্য ইকোনমিস্ট তাদের দ্য ওয়ার্ল্ড অ্যাহেড ২০২৭ প্রকাশ করেছে। সেখানে যুদ্ধের পরবর্তী অভিঘাত, ঋণের চাপ, কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি, খাদ্যনিরাপত্তা ও জলবায়ু নিয়ে আগামী বছরের সম্ভাব্য পরিস্থিতি আলোচনা করা হয়েছে। ভবিষ্যৎ সম্পর্কে এগুলো নিশ্চিত ঘোষণা নয়। কিন্তু অস্থিরতা যে আমাদের ভবিষ্যৎ কল্পনার পরিচিত ভাষা হয়ে উঠেছে, সেটি লক্ষ করার মতো। ভবিষ্যতের কথা বলতেই আমরা বিপদ, ঘাটতি ও অনিশ্চয়তার তালিকা করি।
এর বাস্তব ভিত্তি আছে। সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের সংঘাত-তথ্য কর্মসূচি অনুযায়ী, ২০২৫ সালে রাষ্ট্র জড়িত ছিল এমন ৬৫টি সশস্ত্র সংঘাত নথিবদ্ধ হয়েছে। ১৯৪৬ সাল থেকে তাদের হিসাবে এটি সর্বোচ্চ সংখ্যা।
জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, ২০২৬ সালের মাঝামাঝি বিশ্বে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছিল প্রায় ১১ কোটি ৮২ লাখ। প্রতিটি সংখ্যার পেছনে আলাদা ইতিহাস রয়েছে। কেউ বোমার আঘাতে ঘর ছাড়েন, কেউ নিপীড়নের ভয় নিয়ে সীমান্ত পেরোন, কেউ নিজের দেশেই নিরাপদ জায়গা খুঁজে বেড়ান। কিন্তু অস্থিরতা কি শুধু যুদ্ধের মানচিত্রে থাকে?
ধরা যাক, দূরদেশে সংঘাতের কারণে জ্বালানির দাম বাড়ল। তার সঙ্গে বদলাতে পারে পরিবহন ব্যয়, নিত্যপণ্যের দাম, একটি পরিবারের মাসের হিসাব। উদ্বেগের কারণে কারও ঘুম কমতে পারে; কেউ চিকিৎসা পিছিয়ে দেন, কেউ সন্তানের পড়াশোনার খরচ নতুন করে হিসাব করেন।
নৃবিজ্ঞানে এই অভিজ্ঞতাকে বোঝার একটি পথ হলো Embodiment বা দেহগত অভিজ্ঞতার ধারণা। নৃবিজ্ঞানী থমাস করদাস মনে করিয়ে দেন, দেহ কেবল সামাজিক ঘটনার শিকার নয়; দেহের মধ্য দিয়েই মানুষ পৃথিবীকে অনুভব করে এবং তার অর্থ তৈরি করে। তাই অস্থিরতা কেবল রাষ্ট্রের বিবৃতি কিংবা বাজারের সূচকে ধরা পড়ে না। তার ছাপ পড়তে পারে অপেক্ষায়, ক্লান্তিতে, দৈনন্দিন অভ্যাসে, অন্য মানুষকে বিশ্বাস করার সক্ষমতায়। এই অর্থে অস্থিরতারও একটি দেহ আছে।
একটি সমাজের অস্থিরতা অন্য সমাজে সংক্রমিত হওয়ার কথা বলে আমি জীবাণুর সংক্রমণ বোঝাচ্ছি না। বোঝাচ্ছি ক্ষমতা, বাজার, অভিবাসন, সংবাদ ও স্মৃতির পথ ধরে অনিশ্চয়তা ছড়িয়ে পড়ার প্রক্রিয়া। এই সংক্রমণ সবসময় দৃশ্যমান হয় না। কিন্তু মানুষ কীভাবে জীবনযাপন করবে, কার সঙ্গে সম্পর্ক রাখবে, কাকে বিশ্বাস করবে কিংবা কীভাবে ভবিষ্যৎ পরিকল্পনা করবে, সেসব সিদ্ধান্তে তার প্রভাব প্রকাশ পেতে পারে।
মানুষের কাছে নদী শুধু পানির উৎস নয়; তার সঙ্গে জীবিকা, পরিচয়, আচার এবং পূর্বপুরুষের স্মৃতি জড়িত থাকতে পারে। ধর্মীয় ও আধ্যাত্মিক অভিজ্ঞতাও মানুষকে তার চারপাশের জীবন ও জগতের সঙ্গে সম্পর্কিত করে। এসব সম্পর্কের বৈজ্ঞানিক, সাংস্কৃতিক ও দার্শনিক ব্যাখ্যা আলাদা হলেও মানুষের জীবন বোঝার জন্য প্রতিটির নিজস্ব গুরুত্ব রয়েছে।
অস্থিরতার একটি সামাজিক জীবনও রয়েছে। দীর্ঘদিন অনিশ্চয়তার মধ্যে থাকা মানুষ কখনো নিরাপত্তার জন্য পরিচিত গোষ্ঠীর আশ্রয় খোঁজে, কখনো অপরিচিত মানুষকে সন্দেহ করে, কখনো ধর্মীয় বিশ্বাস কিংবা রাজনৈতিক পরিচয়ের মধ্যে নিশ্চয়তার সন্ধান করে। আবার একই পরিস্থিতিতে মানুষ নতুন সহযোগিতার সম্পর্কও তৈরি করতে পারে। এই প্রতিক্রিয়া সবার এক নয়। শ্রেণি, লিঙ্গ, সামাজিক অবস্থান, স্মৃতি ও ক্ষমতার সম্পর্ক মানুষের অভিজ্ঞতাকে আলাদাভাবে গড়ে তোলে।
ভারতীয় নৃবিজ্ঞানী বীণা দাস দেখিয়েছেন, ভয়াবহ সহিংসতা কীভাবে দৈনন্দিন জীবনের মধ্যে প্রবেশ করে। মানুষ আবার রান্না করেন, সন্তানকে স্কুলে পাঠান, কাজে ফেরেন। তাতে সবকিছু আগের মতো হয়ে যায় না। অনেক ক্ষতি ধীরে প্রকাশ পায়। কখনো মানুষ নিজেও তার দুর্ভোগকে বৃহত্তর রাজনৈতিক ঘটনার সঙ্গে মিলিয়ে দেখতে পারেন না।
দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত লেখক, গবেষক এবং অধ্যাপক রব নিক্সন পরিবেশগত ক্ষতির ক্ষেত্রে ব্যবহার করেছেন Slow Violence বা ধীর সহিংসতার ধারণা। যে ক্ষতি দীর্ঘ সময় ধরে জমা হয়, যার সবটা একদিনের ছবি কিংবা সংবাদ শিরোনামে ধরা পড়ে না। এই ধারণা বৈশ্বিক উষ্ণতার সামাজিক পরিণতি বোঝার ক্ষেত্রে বিশেষভাবে প্রাসঙ্গিক।
কার্বন নিঃসরণে ঐতিহাসিক অবদান অঞ্চলভেদে অসম; অথচ ক্ষতির ভারও সমানভাবে পড়ে না। জলবায়ু বিষয়ক আন্তঃসরকার প্যানেল আইপিসিসির মূল্যায়নে দেখা যায়, যারা জলবায়ু পরিবর্তনে ঐতিহাসিকভাবে সবচেয়ে কম অবদান রেখেছে, তাদের অনেকেই তুলনামূলক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বাংলাদেশের উপকূলে লবণাক্ততা বেড়ে যাওয়া মানে শুধু পানির রাসায়নিক গুণ বদলানো নয়। তার সঙ্গে জড়িয়ে থাকে কৃষিকাজ, পানীয় জল, পরিবারের যত্নের শ্রম, বসতভিটার স্মৃতি এবং জায়গা ছেড়ে যাওয়ার কঠিন সিদ্ধান্ত। একটি পরিবারের কাছে পরিবেশগত সংকট এমন এক অভিজ্ঞতা হয়ে উঠতে পারে, যেখানে জীবিকা হারানোর আশঙ্কা ও পূর্বপুরুষের ভিটা ছেড়ে যাওয়ার বেদনা আলাদা করা কঠিন।
এখানে বৈশ্বিক অস্থিরতার গভীর একটি রাজনৈতিক প্রশ্ন রয়েছে। ক্ষতি উৎপাদনকারী ও ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে সম্পর্ক থাকলেও সেই সম্পর্ক সবসময় সরাসরি দেখা যায় না।
একটি শিল্পোন্নত দেশের দীর্ঘদিনের জ্বালানি ব্যবহার, আন্তর্জাতিক বিনিয়োগ ও উৎপাদন ব্যবস্থার সঙ্গে বহু দূরের উপকূলীয় মানুষের পরিবেশগত ঝুঁকির সম্পর্ক রয়েছে। কিন্তু সেই মানুষটি দূষণ তৈরির সিদ্ধান্তে অংশ নেন না। একইভাবে কেউ সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত নেন, অন্য কেউ সেই সীমান্তে অপেক্ষা করেন। কেউ যুদ্ধের সিদ্ধান্ত নেন, অন্য কেউ ঘর হারান।
পরস্পর নির্ভরতা আছে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও ক্ষতি বহনের দায় সমান নয়। এই অসম সম্পর্কগুলো বোঝার জন্য মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের পাশাপাশি প্রকৃতি, দেহ, বিশ্বাস ও স্মৃতির সম্পর্কও দেখতে হয়। মানুষের কাছে নদী শুধু পানির উৎস নয়; তার সঙ্গে জীবিকা, পরিচয়, আচার এবং পূর্বপুরুষের স্মৃতি জড়িত থাকতে পারে। ধর্মীয় ও আধ্যাত্মিক অভিজ্ঞতাও মানুষকে তার চারপাশের জীবন ও জগতের সঙ্গে সম্পর্কিত করে। এসব সম্পর্কের বৈজ্ঞানিক, সাংস্কৃতিক ও দার্শনিক ব্যাখ্যা আলাদা হলেও মানুষের জীবন বোঝার জন্য প্রতিটির নিজস্ব গুরুত্ব রয়েছে।
অস্থিরতার একটি ডিজিটাল শরীরও তৈরি হয়েছে। যুদ্ধের ছবি মুহূর্তে আমাদের ফোনে পৌঁছে যায়। এতে সহিংসতার প্রমাণ প্রকাশের সুযোগ তৈরি হয়, আবার ভুল তথ্য ও ঘৃণাও দ্রুত ছড়াতে পারে। কোন মৃত্যুর ভিডিও বারবার দেখা হবে, কার দুর্ভোগ দ্রুত হারিয়ে যাবে, তা সংবাদমাধ্যম, প্ল্যাটফর্মের প্রচারব্যবস্থা এবং আমাদের নিজেদের মনোযোগ ও পক্ষপাতের ওপর নির্ভর করে।
ফলে আমাদের নৈতিক অভিজ্ঞতাও এক ধরনের অসম দৃশ্যমানতার মধ্যে গড়ে উঠছে। আমরা কিছু মানুষের মৃত্যুতে বিচলিত হই, কিছু মানুষের দীর্ঘ দুর্ভোগ প্রায় লক্ষই করি না। অথচ অদৃশ্য হয়ে যাওয়ার অর্থ ক্ষতির অবসান নয়। পর্দা থেকে হারিয়ে গেলেও মানুষের দেহ, স্মৃতি ও সামাজিক সম্পর্কে সেই ক্ষতির জীবন চলতে থাকে।
অস্থিরতা কোথায় শুরু হয়েছে, তা অনেক সময় মানচিত্রে দেখানো যায়। কিন্তু কোথায় গিয়ে তা মানুষের দেহে, স্মৃতিতে এবং ভবিষ্যতে স্থায়ী হয়, সেই মানচিত্র আমরা কতটা আঁকতে পেরেছি?
এই প্রসঙ্গে জাপানের নাগাসাকির কথা মনে পড়ে। পারমাণবিক বোমায় নিহত ব্যক্তিদের স্মরণে নির্মিত নাগাসাকি ন্যাশনাল পিস মেমোরিয়াল হলে একটি পানির আধার রয়েছে। কর্তৃপক্ষের বিবরণ অনুযায়ী, বোমা বিস্ফোরণের পর তৃষ্ণায় কাতর মানুষদের স্মরণে এই পানি।
স্মরণকক্ষে প্রবেশের আগে দর্শনার্থীকে পানির আধারের চারপাশ দিয়ে নীরবে হাঁটার সুযোগ দেওয়া হয়। এই স্থাপত্য মানুষকে কিছুক্ষণের জন্য থামতে, স্মরণ করতে এবং ধ্বংসের অভিজ্ঞতার কাছে পৌঁছানোর মানসিক অবকাশ দিতে চায়।
এই স্থানে দাঁড়িয়ে ক্ষমতা ও মানবিক অভিজ্ঞতার দুটি ভিন্ন ভাষার কথা ভাবা যায়। ক্ষমতা প্রায়ই দ্রুত সিদ্ধান্ত, কার্যকারিতা ও নিয়ন্ত্রণের ভাষায় কথা বলে। অথচ স্মৃতি সময় দাবি করে। অন্যের যন্ত্রণা উপলব্ধি করতে কখনো আমাদের থামতে হয়। সংখ্যার বাইরে গিয়ে একজন মানুষের অনুপস্থিতি, একটি হারিয়ে যাওয়া পরিবার কিংবা একটি ধ্বংসপ্রাপ্ত জনপদের কথা ভাবতে হয়।
এখানে মাকোন্দোর নদীর পানি নতুন অর্থ পায়। সেখানে পানি ছিল ন্যায্যভাবে বেঁচে থাকার ব্যবস্থার অংশ। নাগাসাকিতে পানি স্মরণ করায়, মানুষকে সেই মৌলিক প্রয়োজন থেকেও কীভাবে বঞ্চিত করা হয়েছিল। দুই জায়গার ইতিহাস এক নয়। কিন্তু দুটি স্থানই আমাদের সামনে মানুষের জীবন নিয়ে সিদ্ধান্ত গ্রহণের নৈতিক প্রশ্নটি হাজির করে।
শান্তি কি শুধু যুদ্ধ থেমে যাওয়া? একটি পরিবার যদি ঘরে ফিরতে না পারে, শিশু যদি প্রতিদিন ভয়ে থাকে, উপকূলের মানুষ যদি নিজের বসতভিটার ভবিষ্যৎ দেখতে না পান, তবে তাদের কাছে শান্তির অর্থ কী?
শান্তির নৃবৈজ্ঞানিক আলোচনায় মানুষের দৈনন্দিন নিরাপত্তা, স্মৃতি, সামাজিক আস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা করার সামর্থ্যকে গুরুত্ব দিতে হবে। একইভাবে আশা কেবল ভালো কিছুর প্রত্যাশা নয়। মানুষ যখন বিপন্ন প্রতিবেশীর পাশে দাঁড়ায়, হারিয়ে যাওয়া মানুষের স্মৃতি সংরক্ষণ করে কিংবা পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ জীবনের ব্যবস্থা তৈরির চেষ্টা করে, তখন সেই আশা সামাজিক কাজের মধ্য দিয়ে প্রকাশ পায়। তবে মানুষের টিকে থাকার ক্ষমতাকে রাষ্ট্র ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের দায়িত্ব এড়ানোর অজুহাত বানানো যায় না।
মাকোন্দোতে বাড়ি সাজানোর সময় প্রশ্ন ছিল, নদীর পানি আনতে কে কতটা হাঁটবে। আজকের পৃথিবীতে প্রশ্নটি আরও কঠিন: ক্ষতি করার ক্ষমতা যাদের হাতে, তার মূল্য কেন বহন করবেন অন্যরা?
অস্থিরতা কোথায় শুরু হয়েছে, তা অনেক সময় মানচিত্রে দেখানো যায়। কিন্তু কোথায় গিয়ে তা মানুষের দেহে, স্মৃতিতে এবং ভবিষ্যতে স্থায়ী হয়, সেই মানচিত্র আমরা কতটা আঁকতে পেরেছি?
নাগাসাকির নীরবতা আমাদের সেই অনুপস্থিত মানচিত্রের কথা মনে করিয়ে দেয়। আর মাকোন্দোর প্রথম বসতি মনে করিয়ে দেয়, একসঙ্গে বাঁচার জন্য সম্পর্কের একটি ন্যায্য বিন্যাসও প্রয়োজন।
শেষ পর্যন্ত প্রশ্নটি পৃথিবী কতটা অস্থির, শুধু তা নয়। প্রশ্ন হলো, এই অস্থির পৃথিবীতে কার জীবনকে আমরা নিরাপদ রাখার যোগ্য মনে করি, আর কার অনিশ্চয়তাকে স্বাভাবিক বলে মেনে নেই?
লেখক : ড. মঈন জালাল চৌধুরী : নৃবিজ্ঞানী ও শিক্ষক
জা ই / এনজি






