রাত ৩:৫০ | মঙ্গলবার | ২০ অক্টোবর, ২০২৬ | ৪ কার্তিক, ১৪৩৩, হেমন্তকাল | ৮ জমাদিউল আউয়াল, ১৪৪৮

রাষ্ট্রপতির সঙ্গে ডিআরইউর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ— গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর ২০২৬

 

 

 

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি গণতান্ত্রিক হয় এবং গণতান্ত্রিক ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে কাজ করে তাহলে তা জনগণের সবচেয়ে বেশি উপকারে আসে।

সোমবার (১৯ অক্টোবর, ২০২৬) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের নেতৃত্বে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

গণমাধ্যম কর্মীদের অধিকার ও কল্যাণ নিশ্চিতে সংগঠনের ভূমিকার ওপর গুরুত্বরোপ করে রাষ্ট্রপতি বলেন, সকল কর্মী ও সংগঠনকে ঐক্যবদ্ধভাবে নিজেদের পেশাগত স্বার্থ সংরক্ষণে সোচ্চার হতে হবে। তিনি সাংবাদিকদের নিজেদের পায়ে শক্ত হয়ে দাঁড়ানোর ওপর জোর দেন। এ সময় অন্যায়ভাবে চাকুরিচ্যুতি, ওয়েজ বোর্ড বাস্তবায়ন, সাংবাদিকদের ওপর সহিংসতার বিচার নিশ্চিতসহ গণমাধ্যম কর্মীদের মূল সমস্যাগুলো সমাধানে পেশাদার সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আরো কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে ডিআরইউ’র কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে ধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংগঠনের পরিচিতি ও সংগঠনের সদস্যের জন্য ডিআরইউ পরিচালিত বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি সংগঠনের ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান।

রাষ্ট্রপতি এ সময় গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রাম-আন্দোলনকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তাঁর বিভিন্ন কর্মসূচির কথা স্মরণ করেন এবং সাংবাদিকদের সাহসী ভূমিকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি ডিআরইউ-এর উন্নয়নে সহায়তার বিষয়ে সদস্যদের আশ্বস্ত করেন এবং রিপোর্টার্স ইউনিটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেস সচিব, মো. সরওয়ার আলম ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি পালন করে আসছে। সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বার্থ রক্ষায়ও ডিআরইউ সচেষ্ট। দেশে বস্তুনিষ্ঠ, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ বজায় থাকুক, এটাই ডিআরইউর প্রত্যাশা। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকতা যেন মানুষের আস্থা অর্জন করতে পারে, সে লক্ষ্যে ডিআরইউ সব সময় কাজ করে যাবে।

সাক্ষাৎকালে ডিআরইউর সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম, যুগ্ম সম্পাদক মো: জাফর ইকবাল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূইয়া, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য আকতার হোসেন, আল আমিন আজাদ ও সুমন চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়া প্রেসিডেন্টের সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন, রাষ্টপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম ও বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

 

জা ই / এনজি