ক্রীড়া প্রতিবেদক
জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ৯৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আবুধাবিতে হওয়া সেই ম্যাচ মাঠে বসে দেখেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। দলের হারের পর স্টেডিয়ামে বসেই আড়াই ঘণ্টার বৈঠক করেন ক্রিকেটারদের সঙ্গে।
সেদিনের সেই আলোচনায় তামিমের বার্তা এবার খোলাসা করলেন দলের প্রধান কোচ ফিল সিমন্স। তিনি বলেন, ‘তামিমের ম্যাসেজ ছিল এটাই- কঠোর পরিশ্রম করতে থাকো। আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি, কোটি কোটি মানুষকে প্রতিনিধিত্ব করছি, এটা মাথায় রেখো। সবাই আমাদের সাফল্য দেখতে মুখিয়ে আছে। ওর কাছ থেকে মূলত এই বার্তাটাই ছিল।’
বাংলাদেশের ফাইনালে যেতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই। সিমন্স বলেন, ‘ছেলেদের মধ্যে এখনও এনার্জি আছে। আজ সকালেও মিটিং হলো। কী ভালো হলো, কী ভালো হলো না এসব নিয়ে কথা হয়েছে। আমরা জানি, এখন আমাদের কী করতে হবে। আমরা ভালো খেলছিলাম। এখান থেকে কীভাবে কামব্যাক করতে হয়, সেটা জানি। আমরা পরের ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছি।’
কা হি / এনজি






