রাত ৩:৩৬ | মঙ্গলবার | ২০ অক্টোবর, ২০২৬ | ৪ কার্তিক, ১৪৩৩, হেমন্তকাল | ৮ জমাদিউল আউয়াল, ১৪৪৮

৭ গোলের জয়ে আলপনার ৭ বছরের ক্ষতে প্রলেপ

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির উদ্বোধনী ম্যাচে নেপালকে ৩৩-২০ গোলে হারিয়েছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। ম্যাচের প্রথমার্ধে সমতায় ফেরার চেষ্টা করেছিল নেপাল। তবে বাংলাদেশের কৌশলী আক্রমণ ও দৃঢ়তার সামনে বেশিক্ষণ টিকতে পারেনি তারা। বিরতিতে যাওয়ার আগেই ১৩-৯ গোলের লিড ছিল বাংলাদেশের। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় বাংলাদেশ। 

২০১৯ সালের এসএ গেমসে নেপালের কাছে হারের সেই ক্ষত এখনও তাজা আলপনা আক্তারের মনে। আজ ঢাকার কোর্টে সেই পুরোনো ক্ষোভকেই শক্তিতে রূপান্তর করলেন তিনি। ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার পর আলপনার কণ্ঠে ফুটে ওঠে সেই পুরোনো হিসেব চুকানোর তৃপ্তি। তিনি বলেন, ‘আসলে আমার অনেক ভালো লাগছে। উনিশে আমরা একবার নেপালের কাছে হেরেছিলাম, ওই ক্ষোভটা আমার মনের মধ্যে ছিল। মনে মনে ভেবেছিলাম আজকে আমরা জিতব, ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে তা-ই হয়েছে, আমরা জিততে পেরেছি।’

ম্যাচের প্রথমার্ধেই বড় ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সাকিবা জান্নাতকে। দলের শক্তি কিছুটা কমলেও সতীর্থদের মনোবল ভাঙতে দেননি আলপনা। সেই মুহূর্তের লড়াইয়ের কথা মনে করিয়ে দিয়ে আলপনা বলেন, ‘সাকিবা যখন লাল কার্ড পেল, তখন আমাদের মনোবল কিন্তু ভেঙে পড়েনি। আমি সবাইকে উৎসাহ দিয়ে বলেছিলাম—না, ও যে লাল কার্ড পেয়েছে, আমরা ম্যাচ জিতেই সেটার প্রতিশোধ নেব। ইনশাআল্লাহ আমরা তা নিতে পেরেছি।’

উদ্বোধনী ম্যাচে বড় জয়ে শুরু হলেও সামনে অপেক্ষা করছে সবচেয়ে কঠিন পরীক্ষা। আগামীকালই শক্তিশালী ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের দল। ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী আলপনা বলেন, ‘এই ম্যাচটা অনেক ভালো লেগেছে, আমরা সবাই খুব ভালো খেলেছি। কালকে আমাদের ভারতের সাথে খেলা, সেখানেও অবশ্যই আমরা ভালো করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।’

 

 

শা হা / এনজি