দুপুর ২:১১ | রবিবার | ১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩, শরৎকাল | ২ রবিউল আউয়াল, ১৪৪৮

ক্রিপ্টো বাজারে বড় সংশোধন, ভবিষ্যৎ প্রবৃদ্ধির আশায় বিনিয়োগকারীরা

বিশেষ প্রতিবেদন

 

আখতারুজ্জামান বাবু

১৫ আগস্ট ২০২৬

 

বিশ্বের ডিজিটাল সম্পদ বা ক্রিপ্টোকারেন্সি বাজার এখন এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। কয়েক মাস আগের তুলনায় বাজারমূল্য উল্লেখযোগ্যভাবে কমে গেলেও বিটকয়েন, ইথেরিয়াম ও স্টেবলকয়েনকে ঘিরে বিনিয়োগকারী ও আর্থিক প্রতিষ্ঠানের আগ্রহ পুরোপুরি কমেনি। বরং বাজারের সাম্প্রতিক পতনকে অনেকেই অতিরিক্ত মূল্যায়নের পর একটি বড় ধরনের সংশোধন হিসেবে দেখছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মুদ্রানীতি, সুদের হার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ এবং ক্রিপ্টো নিয়ন্ত্রণের ভবিষ্যৎ কাঠামো এখন বাজারের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সাম্প্রতিক বাজার তথ্যে দেখা যাচ্ছে, বিশ্বব্যাপী সব ধরনের ক্রিপ্টোকারেন্সির মোট বাজারমূল্য প্রায় ২ দশমিক ২৫ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি। এর মধ্যে বিটকয়েনের বাজারমূল্য প্রায় ১ দশমিক ২৭ ট্রিলিয়ন ডলার এবং মোট বাজারে এর অংশ ৫৬ শতাংশের বেশি। স্টেবলকয়েনগুলোর সম্মিলিত বাজারমূল্যও প্রায় ৩০০ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
বাজারের মূল চালিকাশক্তি হিসেবে এখনো সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বিটকয়েন। আগস্টের মাঝামাঝি সময়ে এর দাম প্রায় ৬৩ হাজার ডলারের ঘরে রয়েছে। এক বছর আগের বাজারচিত্রের সঙ্গে তুলনা করলে এই অবস্থানকে দুর্বল মনে হতে পারে। কারণ ২০২৫ সালের অক্টোবরে বিটকয়েন ১ লাখ ২৬ হাজার ডলারের বেশি দামে উঠে রেকর্ড সৃষ্টি করেছিল। পরবর্তী সময়ে সেই শীর্ষ অবস্থান থেকে প্রায় অর্ধেক মূল্য হারিয়েছে ক্রিপ্টোকারেন্সিটির বাজারদর।
বিটকয়েনের পাশাপাশি দ্বিতীয় বৃহত্তম ডিজিটাল সম্পদ ইথেরিয়ামও চাপের মধ্যে রয়েছে। সাম্প্রতিক লেনদেনে ইথেরিয়ামের দাম ১ হাজার ৯০০ ডলারের নিচে বা কাছাকাছি অবস্থান করছে। যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির সাম্প্রতিক তথ্য কিছুটা স্বস্তি দিলেও ক্রিপ্টো বাজারে তার ইতিবাচক প্রভাব সীমিত ছিল। বিশ্লেষকদের মতে, বাজার এখন শুধু মূল্যস্ফীতির তথ্য নয়, বরং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার কীভাবে পরিবর্তিত হবে, সেদিকেও বেশি গুরুত্ব দিচ্ছে।
ক্রিপ্টো বাজারের বর্তমান দুর্বলতার পেছনে একাধিক কারণ কাজ করছে। সবচেয়ে বড় বিষয়গুলোর একটি হলো বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার প্রবণতা কমে যাওয়া। ক্রিপ্টোকারেন্সিকে তুলনামূলক ঝুঁকিপূর্ণ সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। ফলে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়লে অনেক বিনিয়োগকারী দ্রুত এ ধরনের সম্পদ থেকে অর্থ সরিয়ে নিতে পারেন। একই সঙ্গে উচ্চ সুদের হার দীর্ঘদিন বহাল থাকার আশঙ্কাও ডিজিটাল সম্পদের ওপর চাপ তৈরি করে।
তবে বাজারের এই পতনকে কেবল সংকট হিসেবে দেখছেন না অনেক পর্যবেক্ষক। তাদের মতে, দীর্ঘমেয়াদে ক্রিপ্টো খাতের সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে ব্যক্তিগত বিনিয়োগকারীর পাশাপাশি প্রাতিষ্ঠানিক অর্থের প্রবেশ। বিটকয়েনভিত্তিক বিনিয়োগ পণ্য এবং অন্যান্য নিয়ন্ত্রিত আর্থিক ব্যবস্থার মাধ্যমে প্রচলিত অর্থবাজারের সঙ্গে ক্রিপ্টোর সম্পর্ক আগের তুলনায় অনেক বেশি ঘনিষ্ঠ হয়েছে।
এই পরিবর্তনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক স্টেবলকয়েন। বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সির মতো ব্যাপক মূল্য ওঠানামার পরিবর্তে স্টেবলকয়েন সাধারণত ডলার বা অন্য কোনো সম্পদের মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে স্থিতিশীল থাকার চেষ্টা করে। ফলে আন্তর্জাতিক ডিজিটাল লেনদেন, ক্রিপ্টো এক্সচেঞ্জ এবং ব্লকচেইনভিত্তিক আর্থিক ব্যবস্থায় স্টেবলকয়েনের ব্যবহার দ্রুত গুরুত্ব পাচ্ছে। বর্তমানে স্টেবলকয়েনের সম্মিলিত বাজারমূল্য প্রায় ৩০২ বিলিয়ন ডলার।
এর পাশাপাশি ব্লকচেইন প্রযুক্তির ব্যবহার ক্রিপ্টোকারেন্সির বাইরেও বিস্তৃত হচ্ছে। ডিজিটাল সম্পদের মালিকানা, আন্তর্জাতিক অর্থ স্থানান্তর, স্মার্ট কনট্রাক্ট, বিকেন্দ্রীভূত আর্থিক সেবা এবং টোকেনাইজেশনের মতো ক্ষেত্রে প্রযুক্তিটির ব্যবহার নিয়ে বিভিন্ন দেশে পরীক্ষা-নিরীক্ষা চলছে। ফলে ক্রিপ্টো বাজারে দামের ওঠানামা থাকলেও এর পেছনের প্রযুক্তিগত অবকাঠামো নিয়ে আগ্রহ বজায় রয়েছে।
বাংলাদেশের জন্য বিষয়টি আরও সংবেদনশীল। বাংলাদেশ ব্যাংকের ২০২২ সালের নির্দেশনায় ভার্চুয়াল অ্যাসেট ও ভার্চুয়াল মুদ্রা লেনদেন থেকে বিরত থাকতে বলা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ থেকে বা বাংলাদেশে ভার্চুয়াল সম্পদ অর্জনের উদ্দেশ্যে লেনদেন অনুমোদিত নয়।
সব মিলিয়ে ক্রিপ্টো বাজার বর্তমানে দ্রুত পরিবর্তনশীল একটি পর্যায়ে রয়েছে। একদিকে বিটকয়েনের বড় মূল্যপতন বাজারের ঝুঁকি স্পষ্ট করেছে, অন্যদিকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ, স্টেবলকয়েন এবং ব্লকচেইন প্রযুক্তির বিস্তার ভবিষ্যৎ সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। ফলে আগামী দিনে ক্রিপ্টো বাজারের গতিপথ নির্ধারণ করবে শুধু বিটকয়েনের দাম নয়; বরং বৈশ্বিক সুদের হার, নিয়ন্ত্রক নীতি, প্রাতিষ্ঠানিক অর্থের প্রবাহ এবং ব্লকচেইন প্রযুক্তির বাস্তব ব্যবহার কতটা বাড়ে—তার ওপরও নির্ভর করবে এই নতুন আর্থিক ব্যবস্থার ভবিষ্যৎ।

 

আ বা/ এনজি