জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাদের মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। অবিলম্বে পূর্ণাঙ্গ কমিটিতে তাদের অন্তর্ভুক্ত করার দাবিও জানিয়েছেন তারা।
সোমবার (৮ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে অবস্থান ও পদযাত্রা কর্মসূচি পালনকালে এ দাবি জানান তারা।
পদবঞ্চিত নেতাদের দাবি, কমিটিতে ত্যাগ ও অবদানের মূল্যায়ন না করে ‘মাইম্যান’দের প্রাধান্য দেওয়া হয়েছে, যা সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। এ অবস্থায় অবিলম্বে পদবঞ্চিত যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন ও সাংগঠনিক পদায়ন চান তারা।
পূর্ণাঙ্গ কমিটিতে স্থান না পাওয়া রফিকুল ইসলাম বলেন, যুবদলই আগামী দিনের বিএনপির মূলধারার নেতৃত্ব দেবে। ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হলে বিএনপি আরও শক্তিশালী ও গতিশীল হবে।
আন্দোলনরত নেতারা জানিয়েছেন, যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের সাংগঠনিক পদায়নের দাবিতে আগামী দু-এক দিনের মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বরাবর স্মারকলিপি দেওয়া হবে। এর আগে গত বৃহস্পতিবার যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেয় বিএনপি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৯ জুলাই আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল।
জা ই / এনজি






