দীর্ঘ সাত বছর পর প্রথমবারের মতো উত্তর কোরিয়া সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ে পৌঁছেছেন তিনি। এ সময় তাকে স্বাগত জানান উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং জন উন।
শি বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে দুই দেশই সকল ক্ষেত্রে পারস্পরিক আদান-প্রদান ও সহযোগিতা আরও জোরদার করবে। আমাদের আধিপত্যবাদ, কর্তৃত্ববাদ এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে এমন সামরিক উত্থানের সব ধরনের চেষ্টা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
এছাড়া রাজধানীর কিম ইল সুং স্কয়ারে আয়োজিত অনুষ্ঠানে সামরিক ব্যান্ড দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করেছে। এই চত্বরটি অতীতে সামরিক কুচকাওয়াজ ও রাষ্ট্রীয় উদ্যাপনের জন্য ব্যবহৃত হয়ে আসছে।
চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সি বলেছে, অনুষ্ঠানে ২১ বার তোপধ্বনি দেওয়া হয়েছে। এছাড়া নেতাদের বিশালাকৃতির প্রতিকৃতির নিচে জড়ো হয়ে জনতা নানা স্লোগান এবং রঙিন বেলুন উড়িয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করা হয়েছে।
ফাউন্ডেশন ফর ডিফেন্স ডেমোক্রেসিসের সিনিয়র ফেলো ক্রেইগ সিংলেটন বলেন, শি-কিম শীর্ষ বৈঠক আবারও মনে করিয়ে দিচ্ছে যে বেইজিং এখনো পিয়ংইয়ংকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ হিসেবে বিবেচনা করে।
তিনি বলেন, চীন, উত্তর কোরিয়া, রাশিয়া ও ইরানের একটি অভিন্ন স্বার্থ রয়েছে। সেটি হলো যুক্তরাষ্ট্রের প্রভাব কমিয়ে আনা এবং তার মিত্রজোটগুলোর ওপর চাপ সৃষ্টি করা।
সূত্র: রয়টার্স
আ ই / এনজি






