সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর খবরে কান দিয়ে ইসলামী ব্যাংকের গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন ব্যাংকটির বর্তমান ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মুহাম্মদ আলতাফ হোসেন।
তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ইসলামী ব্যাংকের আর্থিক ভিত্তি অত্যন্ত মজবুত এবং ব্যাংকে কোনো তারল্য সংকট নেই। গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় এবং বর্তমান পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক (বাংলাদেশ ব্যাংক) সবসময় পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছে।
সম্প্রতি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের জেরে গ্রাহকদের একটি অংশের মধ্যে টাকা তোলার বাড়তি প্রবণতা ও উদ্বেগ দেখা দেওয়ায় রোববার (৭ জুন) এক বিশেষ ভিডিও বার্তায় ব্যাংকটির শীর্ষ এই কর্মকর্তা গ্রাহকদের আশ্বস্ত করেন।
গ্রাহকদের টাকা সুরক্ষিত, যখন খুশি তোলা যাবে এমন তথ্য জানিয়ে ভারপ্রাপ্ত এমডি মুহাম্মদ আলতাফ হোসেন বলেন, সারাদেশে কিছু গ্রাহক আতঙ্কিত হয়ে বিভিন্ন মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার খবরে বিভ্রান্তিতে পড়ে টাকা উঠানোর চেষ্টা করছেন। তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা-আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ইসলামী ব্যাংকের নিজস্ব আর্থিক ভিত্তি মজবুত এবং বড় কোনো তারল্য সংকট নেই।
তিনি গ্রাহকদের পূর্ণ নিশ্চয়তা দিয়ে বলেন, আপনাদের টাকা সম্পূর্ণ সুরক্ষিত আছে। গ্রাহকরা তাদের প্রয়োজন অনুযায়ী যখন খুশি তখন ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন। আমাদের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকেও আমরা আশ্বস্ত করতে চাই যে, আমরা সবসময় গ্রাহকদের পাশে আছি এবং তাদের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে যা কিছু করা প্রয়োজন, ইনশাআল্লাহ আমরা তা করব।
বিগত সংকটেও ঘুরে দাঁড়িয়েছে ইসলামী ব্যাংক
অতীতের প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে ওঠার উদাহরণ টেনে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী সময়েও আমরা এ ধরনের বড় সংকটের মুখোমুখি হয়েছিলাম। কিন্তু ব্যাংকের প্রতি দেশের জনগণের অবিচল আস্থার কারণে আমরা সেই ধাক্কা সামলে উঠি এবং পরবর্তীতে আমাদের ডিপোজিট (আমানত) প্রায় ১৫ থেকে ২০ হাজার কোটি টাকার মতো বৃদ্ধি পেয়েছিল। আশা করি, বর্তমান সাময়িক সমস্যাটি কেটে যাওয়ার সঙ্গে সঙ্গেই ইসলামী ব্যাংক এবারও এই অবস্থা থেকে শক্তভাবে ঘুরে দাঁড়াবে।
তিনি জোর দিয়ে বলেন, এখানে এখন কোনো ধরনের পক্ষপাতিত্বের (বায়াসনেস) সুযোগ নেই এবং কারো ব্যক্তিগত স্বার্থ এর সঙ্গে সম্পৃক্ত নয়। ফলে বিনিয়োগের মাধ্যমে ব্যাংকের টাকা অন্য কোথাও চলে যাওয়া বা পাচার হওয়ার কোনো সুযোগই নেই।
কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা উল্লেখ করে মুহাম্মদ আলতাফ হোসেন বলেন, বাংলাদেশ ব্যাংক সবসময় আমাদের পাশে ছিল এবং ভবিষ্যতেও তারা পাশে থাকবে বলে আমাদের প্রতিশ্রুতি দিয়েছে। আমরা আশা করি, বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংক দ্রুতই আমাদের সহযোগিতার হাত আরও বাড়িয়ে দেবে।
তিনি পুনরায় ব্যাংকের সব স্তরের সম্মানিত গ্রাহকদের কোনো ধরনের অপপ্রচারে কান না দিয়ে শান্ত থাকার এবং ব্যাংকের ওপর আস্থা রাখার বিনীত অনুরোধ জানান।
টি আই / এনজি






