সংসদ প্রতিবেদক
২২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের সময় এবং অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৯তম দিন বুধবার (২২ এপ্রিল) সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন সম্পূরক প্রশ্নে বলেন, প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন, চট্টগ্রামে দেশের একমাত্র সংক্রামক রোগের চিকিৎসা কেন্দ্র বিশেষায়িত ইনস্টিটিউটসহ অধিকাংশ হাম শনাক্তকারী প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যে কারণে হাম শনাক্ত করতে সব ইনস্টিটিউট এবং চিকিৎসা কেন্দ্রকে ঢাকায় পাবলিক হেলথ কেন্দ্র ন্যাশনাল পলিউট অ্যান্ড রোবেলা ল্যাবরেটরিতে পাঠাতে হচ্ছে। এই মুহূর্তে টিকা যথার্থ হওয়ার পরও চিহ্নিত করতে রোগীদের অপেক্ষা করতে হচ্ছে। এই ব্যবস্থা উত্তরণে খুব দ্রুত কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, সংসদ সদস্য আপনি যে প্রশ্নটি করেছেন, আসলে এটি একটি দুঃখজনক ঘটনা। এই সংসদে আজ আমরা যারা উপস্থিত আছি, সবাই মিলে একটি স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করেছি। সেই স্বৈরাচারের সময় এবং আমরা যে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছিলাম, সেই সরকারের সময় শিশুদের হামের টিকা গত কয়েক বছর ধরে বিদেশ থেকে আমদানি করা হয়নি। স্বাভাবিকভাবেই যখন সমস্যাটি দেখা দেয়, ইউনিসেফ আমাদের অনেক হেল্প করেছে। এই বিষয়ে দ্রুত তারা হামের ভ্যাক্সিনেশন পাঠিয়েছে। যার ফলে প্রায় দুই কোটি শিশুকে হামের ভ্যাক্সিনেশন…। যে টেস্ট করার কিট, এটির স্বল্পতা রয়েছে সঠিক। এটির বিষয়ে সরকার কাজ করছে। এর মধ্যে অনেক কিট এসে পৌঁছেছে। খুব সম্ভবত একটি কিট দিয়ে তিনটি শিশুকে টেস্ট করা সম্ভব হয়, তিনটি টেস্ট করা যায়। কিছু কিট এই মুহূর্তে খুব সম্ভবত ঢাকার কাস্টমসে আছে, এয়ারপোর্টে আছে, সেগুলো আমরা দ্রুত ছাড়ানোর ব্যবস্থা করছি। দুঃখজনক হলো, অনেকগুলো শিশুর প্রাণ ঝরে গেছে। কিন্তু সামনে আমরা চেষ্টা করছি, যাতে এই সিচুয়েশনটা আমরা ম্যানেজ করতে পারি। সেই ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।
জা ই / এনজি






