রাত ৩:১১ | শুক্রবার | ৩ জুলাই, ২০২৬ | ১৯ আষাঢ়, ১৪৩৩, বর্ষাকাল | ১৭ মহর্‌রম, ১৪৪৮

প্রাধাণ্য পাবে বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান বান্ধব শিক্ষা : রাষ্ট্র পুনর্গঠনকে সামনে রেখে ইশতেহার পরিকল্পনা বিএনপির

বিশেষ প্রতিবেদন

 

মোহাম্মদ জাফর ইকবাল

১১ জানুয়ারি ২০২৬

 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করার প্রস্তুতি চূড়ান্ত করেছে বিএনপি। খুব শিগগির এটি জাতির সামনে প্রকাশ করা হবে। জানা গেছে, রাষ্ট্র পুনর্গঠন ও গণতন্ত্র পুনরুদ্ধারকে কেন্দ্রীয় ইস্যু হিসেবে সামনে রেখে নির্বাচনী ইশতেহার তৈরীর কাজ চলছে। ইশতেহারে বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান বান্ধব শিক্ষা ব্যবস্থার উপর বিশেস জোর দেয়া হবে বলে জানা গেছে।

জানা গেছে, বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সাম্প্রতিক বৈঠকে ইশতিহার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রক্ষমতায় গেলে দেশ পুনর্গঠনে কোন ধরনের কর্মপরিকল্পনা নেওয়া হবে, আগামী দিনে দল কী বাস্তবায়ন করতে চায়, রাষ্ট্র কাঠামোয় কী কী পরিবর্তন আনা হবে, এসব বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরা হবে। ইশতেহারের বাইরে কিছু বিষয় গুরুত্ব দিয়ে লিফলেট আকারেও প্রকাশ করা হবে।

সূত্র জানায়, এবারের ইশতেহার গঠিত হবে বিএনপির ঘোষিত ৩১ দফা, জুলাই সনদ ও সাম্প্রতিক রাজনৈতিক দিকনির্দেশনার সমন্বয়ে। এতে নির্বাচনী শাসনব্যবস্থা পুনর্গঠন,গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনের বিকেন্দ্রীকরণ, মানবাধিকার রক্ষা, দুর্নীতিবিরোধী কাঠামো শক্তিশালীকরণ, বেকারত্ব দমন, শিক্ষার বিষয়গুলোকে প্রাধান্য দেয়া হবে। দলের নীতিনির্ধারকরা জানান, জনগণকে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়া এবং দলীয় প্রভাবমুক্ত প্রশাসন গড়ে তোলাই হবে বিএনপির প্রধান অঙ্গীকার।

সূত্র জানায়, ইশতেহারের বাইরে বেশ কিছু লিফলেট প্রচার করবে দলটি। লিফলেটে দেশের উন্নয়নে বিএনপির কর্মপরিকল্পনা, নাগরিকদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া পদক্ষেপ, রাষ্ট্র মেরামতে ৩১ দফাসহ নানান প্রতিশ্রুতি তুলে ধরা হবে। একই সঙ্গে প্রতিটি এলাকার সুবিধা-অসুবিধা, উন্নয়ন চাহিদা ও জনগণের প্রত্যাশাও প্রাধান্য পাবে বলে সূত্র জানায়। তরুণ প্রজন্ম ও নারী ভোটারদের আকৃষ্ট করতে লিফলেটে বিশেষ উদ্যোগ থাকবে। এসব লিফলেট দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি বিশেষ নির্দেশনা দেওয়া হবে। শিক্ষাখাতে বাজেট বাড়ানো, স্কুল পর্যায় থেকেই ব্যবহারিক ও কারিগরি শিক্ষা চালুর পরিকল্পনা করছে বিএনপি। আইটি, খেলাধুলা, আর্ট-কালচার, ডেন্টাল হাইজিন, মেডিকেল টেকনিশিয়ানসহ বিভিন্ন কারিগরি শিক্ষা চালুর কথা বলা হবে। প্রাথমিক স্তর থেকে ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা এবং মাধ্যমিক স্তর থেকে আরও একটি ভাষা চালুর পরিকল্পনা রয়েছে। আরবি, জার্মান, ফরাসি, জাপানি ও চীনা ভাষা শেখার সুযোগ পাবে শিক্ষার্থীরা, যাতে তারা আন্তর্জাতিক কর্মক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।

ক্যাম্পাসে মেধাভিত্তিক ছাত্ররাজনীতির সংস্কৃতি, নিরাপদ পরিবেশ, হলের আবাসন সংকট নিরসন, লাইব্রেরি আধুনিকায়ন, নারী শিক্ষার প্রসার এবং দেশে-বিদেশে কর্মসংস্থান সৃষ্টি, এসব প্রতিশ্রুতিও লিফলেটে তুলে ধরা হবে। ১০ লাখের বেশি ফ্রিল্যান্সারের নিরাপদ লেনদেন নিশ্চিত করতে পেপাল ও ওয়াইজ চালু, ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান, প্রতিটি জেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপন, ৫০ লাখ ফ্যামিলি কার্ড, পাঁচ বছরে ৫ কোটি গাছ লাগানো এবং চা শিল্পে চাঁদাবাজি ও দুর্নীতি দমনের পরিকল্পনাও থাকবে। স্বাস্থ্যখাত নিয়ে আলাদা লিফলেট প্রকাশ করবে বিএনপি। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের আদলে ‘সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থা’ চালুর প্রতিশ্রুতি থাকবে। স্বাস্থ্যখাতে জিডিপির ৫ শতাংশের বেশি বরাদ্দ, উপজেলা ও জেলা হাসপাতালের মানোন্নয়ন, ২৪ ঘণ্টা হেল্পলাইন, জরুরি চিকিৎসা ও রেফারেন্স সিস্টেম শক্তিশালীকরণের পরিকল্পনাও লিফলেটে তুলে ধরা হবে।

জানা গেছে, কৃষিখাতে ফার্মার্স কার্ড চালু, জলবায়ু সহনশীল কৃষি, ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনরুদ্ধার, আধুনিক ব্যারাজ নির্মাণ, পানি সংরক্ষণমূলক ধানচাষ সম্প্রসারণের প্রতিশ্রুতি দেবে বিএনপি। কৃষিভিত্তিক শিল্পে ১৩ লাখ নতুন কর্মসংস্থান, ড্রোন প্রযুক্তি ও স্টার্টআপ ফান্ডিংয়ের মাধ্যমে তরুণদের কৃষিতে যুক্ত করার কথাও থাকতে পারে। অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের অঙ্গীকার, নির্বাহী আইন, বিচার বিভাগের ক্ষমতার ভারসাম্য, উচ্চকক্ষ বিশিষ্ট সংসদ, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল, ইভিএম নয়, পেপার ব্যালটে ভোট, জুডিসিয়াল কমিশন গঠন ও সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তনের প্রতিশ্রুতি থাকবে।
এছাড়া বিগত ১৫ বছরের অর্থপাচার ও দুর্নীতির তদন্ত করে শ্বেতপত্র প্রকাশ, পাচার করা অর্থ ফেরত আনা, গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অবসান এবং ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতি বাস্তবায়নের কথাও তুলে ধরা হবে।

ইশতেহার প্রনয়নের সাথে জড়িত স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, শিগগির ইশতেহার ঘোষণা করা হবে। জনমতের আকাংখাকে সামনে রেখেই বিএনপি কাজ করেছে, ভবিষ্যতে কাজ করবে। সেভাবেই ইশতেহার তৈরীর কাজ করছে।

আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ডে ওয়ান থেকে আমাদের পারফর্ম করতে হবে। এক কোটি মানুষের কর্মসংস্থান এটা আমরা হোমওয়ার্ক করেই বলেছি। তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনা মানুষের কাছে পৌঁছাতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে।

 

জা ই / এনজি