রাত ২:১৫ | শনিবার | ১৬ মে, ২০২৬ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল | ২৮ জিলকদ, ১৪৪৭

সুখবর দিলেন গায়িকা পুতুল

বিনোদন রিপোর্ট
১৭ মার্চ ২০২৬

ক্লোজআপ ওয়ান খ্যাত কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। গান গাওয়ার পাশাপাশি উপস্থাপনা ও লেখালেখিতেও সমানভাবে সক্রিয় তিনি। কয়েক বছর ধরে নিয়মিত বই প্রকাশ করেও পাঠকদের কাছে পরিচিতি পেয়েছেন তিনি। এবার নতুন এক সুখবর জানালেন এই শিল্পী।

সম্প্রতি বাংলাদেশ বেতারের শ্রেণি উন্নয়ন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন পুতুল। তিনি জানান, নজরুল সঙ্গীতে ‘ক’ শ্রেণি থেকে সর্বোচ্চ ‘বিশেষ শ্রেণি’তে উন্নীত হয়েছেন তিনি। আধুনিক গানে অবশ্য এর আগেই বিশেষ শ্রেণিতে পৌঁছেছিলেন এই কণ্ঠশিল্পী।

এ প্রসঙ্গে পুতুল বলেন, ‘বাংলাদেশ বেতার আমার কাছে ভীষণ আবেগের একটি জায়গা। ষষ্ঠ শ্রেণিতে পড়াকালীন ‘কলকাকলি’ অনুষ্ঠানের মাধ্যমে এখানে আমার যাত্রা শুরু। তখন আব্বার সঙ্গে আশুগঞ্জ থেকে এসে অনুষ্ঠান করতাম। এত বছর পর এসে বিশেষ শ্রেণিতে উন্নীত হওয়াটা তাই আমার কাছে খুবই বিশেষ একটি অর্জন।’

ফেনী শহরে বেড়ে ওঠা সাজিয়া সুলতানা পুতুল ২০০৬ সালে গানের রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এ অংশ নিয়ে পেশাদার সংগীতজগতে যাত্রা শুরু করেন। এরপর থেকে নিয়মিত গান করে যাচ্ছেন তিনি। প্রায় দেড় যুগ ধরে স্থায়ীভাবে ঢাকায় বসবাস করছেন এই শিল্পী।

 

ফা আ/ এনজি