নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়, মিরপুর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, ভাটারা, উত্তরা পূর্ব ও ভাটারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে, তেজগাঁও শিল্পাঞ্চলসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই দিন সন্ধ্যায় ভাটারা এলাকায় একটি স্কুলবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, সিআইডি ও এসবির প্রধান কার্যালয় প্রাঙ্গণে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। ককটেলটি ভেতরে পার্কিং করে রাখা একটি গাড়ির বনেটের ওপর পড়ে বিস্ফোরিত হয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সরেজমিনে সিআইডি কার্যালয়ে গিয়ে দেখা যায়, সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন। ডিএমপির মতিঝিল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিআইডি ও এসবির ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত হয়েছেন।
এছাড়া জগন্নাথ হলের কাছাকাছি, শাহবাগ ও বাংলা একাডেমি এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা গেছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে টিএসসি-সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচ থেকে তিনজনকে আটক করা হয়। ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাদের আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়। আটককৃতরা হলেন- রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)। তাদের মধ্যে রেজাউল করিমের বাড়ি নাটোরের গুরুদাসপুরে, সোহেল রানার বাড়ি রাজশাহীর পুঠিয়ায় এবং নাজমুস সাদের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়।
এদিকে রাত ১০টা ১০ মিনিটের দিকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পরে রাত ১২টা ২০ মিনিটের দিকে কমলাপুর রেলওয়ে থানার (ওসি) জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া রাজধানীর ভাটারা, উত্তরা পূর্ব ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে উত্তরা পূর্ব থানা এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া ভাটারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে এবং তেজগাঁও শিল্পাঞ্চলে সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। তিনি জানান, রাত সাড়ে ১০টার পর বিশ্ববিদ্যালয়ের সামনে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে স্থানীয়রা সেখান থেকে ধোঁয়া উড়তে দেখেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে ভাটারা থানার ১০০ ফিট এলাকার অনন্ত টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হননি বলে জানান ওসি।
এদিকে রাত পৌনে ১২টার দিকে উত্তরা পূর্ব থানা এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ১টা ৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন উত্তরা পূর্ব থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মামুন।
তিনি জানান, রাত পৌনে ১২টার দিকে দুর্বৃত্তরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে করে যাওয়ার সময় জয় বাংলা স্লোগান দিয়ে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
অন্যদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত ১টা ২৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।
তিনি জানান, রাত পৌনে ১২টার দিকে সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাজধানীর ক্যান্টনমেন্ট, শেরেবাংলা নগর ও খিলক্ষেত থানা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ক্যান্টনমেন্টের মাটিকাটা এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে, শেরেবাংলা নগরের পান্থপথে এবং খিলক্ষেত থানার পাশে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
রোববার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে মাটিকাটা এলাকায় ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) সারোয়ার জাহান।
তিনি জানান, রাত আনুমানিক ১২টা থেকে ১২টা ৫ মিনিটের মধ্যে মাটিকাটা এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে রাত সাড়ে ১১টার দিকে শেরেবাংলা নগর থানার পান্থপথ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ২টা ১৮ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জুবায়ের হোসেন। তিনি জানান, রাত সাড়ে ১১টার পর পান্থপথ এলাকায় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এতে কেউ হতাহত হয়নি।
অন্যদিকে খিলক্ষেত থানার পাশেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত ২টা ২৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন খিলক্ষেত থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সোহেল আহমেদ। তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে খিলক্ষেত থেকে বিমানবন্দরের দিকে যাওয়ার পথে থানার কাছেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত বা হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, খিলক্ষেত থানার সড়কের সামনে মোটরসাইকেলে এসে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পরে মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
তো কা/ এনজি






