রাত ৪:৪৭ | সোমবার | ৫ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩, শরৎকাল | ২৩ রবিউস সানি, ১৪৪৮

মিয়া গোলাম পরওয়ার : বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কারণে আখতারুজ্জামানের জামিন হয়নি

নিজস্ব প্রতিবেদক

বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কারণে মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বিমান বন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনা সাধারণ কোনো বিষয় নয়। সরকারের নীতিনির্ধারণী জায়গা থেকে নির্দেশনা ছাড়া এটি ঘটতে পারে না। আখতারুজ্জামান জামায়াতে যোগ দেওয়ার আক্রোশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিমান বন্দরের অব্যবস্থাপনার বিষয়ে তিনি বলেন, বিমান বন্দরে ট্রলি পাওয়া যায় না। লাগেজ পেতে কয়েক ঘণ্টা দেরি হয়। জনাব আখতারুজ্জামান অনিয়মের বিষয়ে কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করেছেন। এজন্য তার বিরুদ্ধে পরে মামলা দেওয়া হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে।

গোলাম পরওয়ার বলেন, বিমানবন্দরের ঘটনাকে উপলক্ষ্য করে রাজনৈতিক কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আখতারুজ্জামানের বিরুদ্ধে দেওয়া জামিনযোগ্য মামলায় আদালতে তার জামিন নামঞ্জুর করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের মন্ত্রী মধ্যরাতে বিমানবন্দরে গিয়ে জাতির সামনে সেদিনের ঘটনা নিয়ে অসত্য কথা বলে শপথ ভঙ্গ করেছেন। মন্ত্রী সৎ হলে অব্যবস্থাপনার জন্য দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন, তাদের প্রত্যাহার করতেন এবং মামলা দিতেন; কিন্তু মন্ত্রী তা করেননি। বরং অব্যবস্থাপনার জন্য দুঃখ প্রকাশ করা কর্মকর্তার দ্বারা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করতে বাধ্য করা হয়েছে। আখতারুজ্জামান সমাজে একজন সম্মাননীয় ব্যক্তি। অথচ তাকে হাতকড়া, হেলমেট ও জ্যাকেট পড়িয়ে আদালতে আনা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

গোলাম পরওয়ার বলেন, আদালতে বিএনপি আইনজীবীরা মব সৃষ্টি করেছে। আখতারুজ্জামানের আইনজীবীদের উপর হামলা চালিয়েছে, আমাদের নেতাকর্মী ও আখতারুজ্জামানের আত্মীয়স্বজন যারা তাকে দেখতে গিয়েছিলেন, তাদের উপর হামলা করেছে। আমরা ধিক্কার জানাই আওয়ামী ফ্যাসিবাদী যুগে আদালতে যে দৃশ্য করা হতো, যে ঘটনা ঘটানো হতো, আমরা তারই পুনরাবৃ্ত্তি দেখতে পাচ্ছি। আচরণের দিক থেকে কর্তৃত্ববাদী আওয়ামী ফ্যাসিবাদ আর এখনকার বিএনপির নেতাকর্মীদের মধ্যে কোনো পার্থক্য নেই।

তিনি বলেন, মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদ সারা দেশে হচ্ছে। প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা দারুণভাবে ক্ষুব্ধ হয়েছে, প্রতিক্রিয়া ব্যক্ত করছে। তাকে মুক্তি না দিলে রেমিট্যান্স শাটডাউনের ঘোষণা দেবে বলেও হুমকি দিয়েছেন তারা। এসব বিবেচনায় নিয়ে আখতারুজ্জামানকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানান গোলাম পরওয়ার।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের; কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াছিন আরাফাত।

 

 

 খা সা / এনজি