মোহাম্মদ জাফর ইকবাল, কেন্দ্র থেকে :
১২ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের ব্যাপারে আশাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে গুলশানের মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট প্রদানের পর কেন্দ্রের বাইরে সাংবাদিকদের কাছে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
আপনার দলের বিজয়ের বিষয়ে আপনি কতটা আশাবাদী এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, আমি ইনশাল্লাহ আশাবাদী, আমি দৃঢ়ভাবে আশাবাদী।
তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে দৃড়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ আজকে সারাদিনে বেরিয়ে এসে যদি তাদের অধিকার প্রয়োগ করেন, ভোট দেন ইনশাল্লাহ যেকোনো ষড়যন্ত্র রুখে দেয়া সম্ভব।
আপনার দল বিজয়ী হলে কোনো বিষয়টাকে প্রাধান্য দেবেন জানতে চাইলে তারেক রহমান বলেন, আমরা আগেও বলেছি, আমরা জয়লাভ করলে সব চেয়ে বেশি যেটা আমাদের কাছে প্রাধান্য পাবে সেটা হচ্ছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। যাতে মানুষ নিরাপদ বোধ করে। সমগ্র দেশের সাধারণ মানুষ যাতে নিরাপদ বোধ করে। এটাই আমাদের সবচেয়ে বেশি অগ্রাধিকার থাকবে।
নারী ক্ষমতায় নিয়ে কিছু বলবেন কিনা জানতে চাইলে তারেক রহমান বলেন, দেখুন বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী… এই জনসংখ্যাকে পেছনে রেখে আমরা এগুতে পারব না। কাজেই আমরা আমাদের ম্যানিফোস্টোসহ যেসব কথা আমরা নারীদেরকে ক্ষমতায় ও তার উন্নয়ন সম্পর্কে বলেছি, তা আমরা সরকার গঠন সম্ভব হলে প্রথম দিন থেকে আমরা এই বিষয়ে কাজ শুরু করব ইনশাল্লাহ।
সকাল ৯টা ৩৫ মিনিটে তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রবেশ করেন। ভোট দিয়ে তিনি তার পরিবারকে নিয়ে কেন্দ্রের বাইরে আসলে দেশি-বিদেশী শতাধিক মিডিয়া ঘিরে ধরে। তারেক রহমান সাবলীলভাবে কথা বলেন এবং সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেন।
বিএনপি চেয়ারম্যান বলেন, আমরা প্রত্যাশা করব যাতে আমরা সকলে মিলে যাতে নতুন গণতন্ত্রের সূচনা করতে পারি বাংলাদেশে যেটি মানুষের বহু দিনের প্রত্যাশা।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ।
ভোটের পরিবেশ কেমন দেখছেন প্রশ্ন করা হলে তারেক রহমান বলেন, আমি এখনো বলতে পারবো সারা বাংলাদেশের খবর এখনো আমি পাইনি।
তিনি বলেন, গতকাল রাত্রে অনাকাংখিত কিছু ঘটনা ঘটেছে… দেশের আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা সেটা কঠোর হস্তে দমন করেছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ আজকে ঘর থেকে বেরিয়ে এসে তাদের অধিকার প্রয়োগ করে যেকোনো ষড়যন্ত্র ষড়যন্ত্র রুখে দিতে সম্ভব।
বক্তব্যের শুরুতে তারেক রহমান বলেন, আমি এই মাত্র আমার সাংবিধানিক অধিকার, ভোটের অধিকার প্রয়োগ করে এসেছি। বিগত এক যুগেরও বেশি সময় বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন। আমরা দৃঢ়ভাবে আত্মবিশ্বাসী বাংলাদেশের মানুষ তাদের অধিকার প্রয়োগ করবেন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবে।
ভোটের পরিবেশ আপনার কেমন লাগছে? তারেক বলেন, সারাদেশের খবর এখনো আমি পাইনি। তবে গত রাত্রে কিছু জায়গা থেকে অনাকাংখিত ঘটনার খবর আমরা পেয়েছি এটা কাম্য নয়।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী এসব ঘটনা কঠোরভাবে দমন করেছে। আমি ভোর রাত পর্যন্ত বিভিন্ন টিভি চ্যানেল খবর দেখেছি।
গুলশানের এই ভোট কেন্দ্রে তারেক রহমান প্রথম ভোটার। এর আগে ২০০১ সালে তিনি ঢাকা সেনানিবাসের আদমজী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটার ছিলেন।
তারেক রহমান ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী। একই সঙ্গে তিনি বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
একই কেন্দ্রে ভোট দিয়েছেন তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমান ও তার কণ্যা জাইমা রহমান। জাইমার এবারই প্রথম ভোটার হয়েছেন।
জা ই/ এনজি






