সকাল ১০:২০ | মঙ্গলবার | ২১ জুলাই, ২০২৬ | ৬ শ্রাবণ, ১৪৩৩, বর্ষাকাল | ৬ সফর, ১৪৪৮

ফিলিস্তিনি যোদ্ধাদের নতুন প্রধানের নাম ঘোষণা

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নতুন প্রধানের নাম ঘোষণা করা হয়েছে। খলিল আল-হায়াকে সংগঠনটির নতুন নেতা ঘোষণা করা হয়েছে। ২০২৪ সালের অক্টোবরে ইসরায়েলের হামলায় নিহত সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের উত্তরসূরি হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন।

হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে, খলিল আল-হায়া এর আগে সংগঠনটির ডেপুটি চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া তিনি পাঁচ সদস্যবিশিষ্ট লিডারশিপ কাউন্সিলেরও সদস্য ছিলেন। দলটির সাবেক পলিটব্যুরো প্রধান খালেদ মেশালের সঙ্গে অনুষ্ঠিত অভ্যন্তরীণ ভোটের দ্বিতীয় দফায় তিনি জয়ী হয়েছেন।

শীর্ষ নেতারা নিহত হওয়ার পর হামাস কৌশল বদলে নেতৃত্ব পরিচালনার জন্য পাঁচ সদস্যের একটি লিডারশিপ কাউন্সিল গঠন করে। ওই কাউন্সিলের সদস্য ছিলেন আল-হায়া। যুদ্ধকালীন পরিস্থিতিতে ২০২৪ সালের শেষের দিকে কাউন্সিলটি গঠন করা হয়।

১৯৬০ সালে গাজা উপত্যকায় জন্মগ্রহণকারী আল-হায়া ১৯৮৭ সালে হামাস প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটির সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি কূটনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কাতার, মিসরসহ বিভিন্ন দেশের মধ্যস্থতায় ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও অন্যান্য পক্ষের সঙ্গে আলোচনায় তিনি অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিলেন।

দলের সংকটকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় আল-হায়ার পরিবারকে চরম মূল্য দিতে হয়েছে। ২০১৪ সালের যুদ্ধে একটি ইসরায়েলি হামলায় তার বড় ছেলে ওসামার বাড়ি ধ্বংস হয়ে যায়। এ সময় আল-হায়ার ছেলে, তার পুত্রবধূ এবং তাদের তিন সন্তান নিহত হন।

এ ছাড়া গত বছরের সেপ্টেম্বরে কাতারের রাজধানী দোহার একটি আবাসিক কমপ্লেক্সে ইসরায়েলি হামলায় তার ছেলে হুমামসহ পাঁচজন নিহত হন।

 

সূত্র:  আল জাজিরা

আ ই / এনজি