বিনোদন ডেস্ক
পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সঙ্গ সামেট লো’ নিয়ে দর্শকের আগ্রহ বাড়ছেই। মুক্তির তারিখ ঘোষণার পর এবার প্রকাশ্যে এসেছে সিরিজটির পাঁচটি চরিত্রের পোস্টার। এতে ফাওয়াদ খান, হানিয়া আমির, ইকরা আজিজসহ জনপ্রিয় তারকাদের চরিত্র সম্পর্কে ধারণা পেয়েছেন ভক্তরা।
সম্প্রতি প্রকাশিত পোস্টারগুলোতে পাঁচ অভিনয়শিল্পীর আলাদা লুক তুলে ধরা হয়েছে। এতে কুলসুম চরিত্রে দেখা যাবে হানিয়া আমিরকে। লিসা চরিত্রে রয়েছেন ইকরা আজিজ। সিকান্দার চরিত্রে অভিনয় করেছেন আহাদ রাজা মীর। অন্যদিকে ভিক্টোরিয়া চরিত্রে দেখা যাবে সানাম সাঈদকে। আর ফাওয়াদ খান অভিনয় করছেন শাহরিয়ার চরিত্রে।

পোস্টারগুলোতে স্বপ্নিল আবহ, রোমান্টিক পরিবেশ ও দৃষ্টিনন্দন দৃশ্যপটের মধ্য দিয়ে সিরিজটির গল্পের জগৎ তুলে ধরেছেন নির্মাতারা। চরিত্রগুলোর সাজসজ্জা ও উপস্থাপনাও দর্শকের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
শুধু এই পাঁচ তারকাই নন, সিরিজটিতে আরও অভিনয় করেছেন পাকিস্তানের জনপ্রিয় কয়েকজন শিল্পী। তাদের মধ্যে রয়েছেন মাহিরা খান, হামজা আলী আব্বাসি, মায়া আলী ও বিলাল আশরাফ। বড় তারকাবহরের কারণে শুরু থেকেই আলোচনায় রয়েছে প্রযোজনাটি।
সিরিজটি মুক্তি পাবে আগামী ৪ ডিসেম্বর নেটফ্লিক্সে। পাকিস্তানের বিনোদনজগতের পরিচিত তারকাদের একসঙ্গে নিয়ে নির্মিত এই রোমান্টিক সিরিজ দেশটির বিনোদনশিল্পের জন্যও গুরুত্বপূর্ণ সংযোজন হতে যাচ্ছে।
মুক্তির দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দর্শকের অপেক্ষা বাড়ছে ট্রেলার প্রকাশের। বড় তারকাবহর ও দর্শকের প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করতে যাওয়া সিরিজটি কতটা সাড়া ফেলতে পারে, এখন সেটিই দেখার বিষয়।
ফা আ/ এনজি






