বিকাল ৪:২৩ | বৃহস্পতিবার | ৬ আগস্ট, ২০২৬ | ২২ শ্রাবণ, ১৪৩৩, বর্ষাকাল | ২২ সফর, ১৪৪৮

ডিএনসিসি মেয়র পদে আলোচনায় বিএনপি নেতা ও শিল্প উদ্যোক্তা কফিল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
                  ১৬ মার্চ, ২০২৬
 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সম্ভাব্য মেয়র পদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই তাদের সম্ভাব্য মেয়র প্রার্থীদের বিষয়ে খোঁজ খবর নিচ্ছে। এ প্রেক্ষাপটে বিএনপির আলোচনায় উঠে এসেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. কফিল উদ্দিন আহম্মেদের নাম।
রাজনীতি, ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করছেন দলের নেতাকর্মীদের একটি অংশ। বিশেষ করে উত্তরা এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমে তার সক্রিয় ভূমিকার কারণে স্থানীয় পর্যায়েও তাকে নিয়ে আলোচনা বাড়ছে।
এম. কফিল উদ্দিন আহম্মেদ ১৯৬৯ সালের ১ এপ্রিল ঢাকার দক্ষিণখান এলাকার ফায়দাবাদে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনেই তিনি রাজনীতিতে যুক্ত হন। টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যয়নকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করেন এবং ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে কলেজ ছাত্রনেতা হিসেবে ভূমিকা রাখেন।
পরবর্তীতে তিনি ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের জিএস ও ভিপি, বৃহত্তর উত্তরা থানা ছাত্রদলের সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর ছাত্রদলের প্রচার সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য ছিলেন।
পরে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়ে বৃহত্তর উত্তরা থানার সাংগঠনিক সম্পাদক, উত্তরা পূর্ব থানা বিএনপির সভাপতি এবং ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনীতির পাশাপাশি তিনি একজন প্রতিষ্ঠিত শিল্প উদ্যোক্তা। রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিনি তৈরি পোশাক শিল্পসহ বিভিন্ন খাতে ১২টি শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এসব প্রতিষ্ঠানে প্রায় ১০ হাজার শ্রমিক-কর্মচারী কাজ করছেন।
ব্যবসা ও রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখছেন তিনি। শিক্ষা প্রসারে তিনি ফায়দাবাদ মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করেছেন। এছাড়া ঢাকা-১৮ এলাকার দরিদ্র মানুষের জন্য ৩০ শতাংশ ছাড়ে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে একটি ডায়াগনস্টিক সেন্টার গড়ে তোলেন।
মাদক ও সন্ত্রাসবিরোধী প্রচারণা, মসজিদ-মাদরাসা উন্নয়ন, দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং অসহায় মানুষের চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন সামাজিক উদ্যোগে যুক্ত রয়েছেন তিনি। করোনাভাইরাস মহামারির সময় মাস্ক, পিপিই ও খাদ্যসামগ্রী বিতরণ এবং জনসচেতনতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে স্থানীয় জনগণের পাশে দাঁড়ান।
এম. কফিল উদ্দিন আহম্মেদ বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন। তিনি বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), বাংলাদেশ অটো ব্রিকস ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন এবং বারভিডার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনীতি, শিল্প উদ্যোক্তা হিসেবে সাফল্য এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে তাকে নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে।
জানতে কফিল উদ্দিন বলেন, দলের দুর্দিনে রাজপথে ছিলাম। মামলা হামলা জেল জুলুম নির্যাতন সহ্য করেছি। দল যখন যে দায়িত্ব দিয়েছে তা নির্ভয়ে পালন করেছি। এখন প্রধানমন্ত্রী তারেক রহমান যদি আদেশ দেন, তাহলে আমি অবশ্যই সে আদেশ পালন করবো।
জা ই/ এনজি