রাত ২:৫৪ | শনিবার | ২১ নভেম্বর, ২০২৬ | ৬ অগ্রহায়ণ, ১৪৩৩, হেমন্তকাল | ১০ জমাদিউস সানি, ১৪৪৮

গণহত্যার রায় মিলল, কিন্তু রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরার পথ কি খুলবে?

আন্তর্জাতিক ডেস্ক

গণহত্যার রায় মিলল, কিন্তু রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরার পথ কি খুলবে?

মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর নিরাপত্তা বাহিনীর হত্যাকাণ্ড, ঘরবাড়ি ধ্বংস এবং ব্যাপক যৌন সহিংসতার ঘটনা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত হয়েছে এবং তা গণহত্যার শামিল। বৃহস্পতিবার আফ্রিকার দেশ গাম্বিয়ার দায়ের করা মামলায় জাতিসংঘের সর্বোচ্চ আদালতের বহুল প্রতীক্ষিত রায়ে এই তথ্য জানানো হয়েছে।

• মিয়ানমার থেকে কেন পালিয়েছেন রোহিঙ্গারা?

জাতিসংঘের তথ্য অনুযায়ী, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন; যাদের মধ্যে বাংলাদেশের কক্সবাজারের বিস্তীর্ণ শরণার্থীশিবিরে রয়েছেন ১২ লাখ।

সামরিক দমন-পীড়নের মুখে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালাতে বাধ্য হন। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, শরণার্থীরা গণহত্যা, গণধর্ষণ, নির্যাতন এবং শত শত গ্রাম পুড়িয়ে দেওয়ার বর্ণনা দিয়েছেন।

• মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে কীসের মামলা?

২০১৯ সালে ৫৭ সদস্যের ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে আইসিজেতে মামলা দায়ের করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। এতে অভিযোগ করা হয়, রাখাইন রাজ্যে মিয়ানমারের ২০১৭ সালের চালানো সামরিক অভিযান গণহত্যার শামিল।

আইসিজে মামলার ২০১৯ সালের প্রাথমিক শুনানিতে মিয়ানমারের তৎকালীন নেতা অং সান সু চি গণহত্যার অভিযোগকে ‘অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর’ বলে প্রত্যাখ্যান করেছিলেন।

২০২০ সালের জানুয়ারিতে আইসিজে মিয়ানমারকে দেশটিতে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন; যার মধ্যে সম্ভাব্য গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং প্রমাণ সংরক্ষণের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।

• রাখাইনের পরিস্থিতি কেমন?

মিন অং হ্লেইংয়ের নেতৃত্বাধীন মিয়ানমারের সেনাবাহিনী ২০২১ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা দখল করে। অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাতের ঘটনায় দেশজুড়ে গৃহযুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে দেশটিতে প্রায় এক লাখ মানুষ নিহত এবং ৩৫ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সংঘাত ছড়িয়ে পড়ার পর ২০২৩ সালের নভেম্বরে রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক জান্তা ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে নতুন করে লড়াই শুরু হয়। সেই আবারও নতুন করে লক্ষাধিক রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন।

সংখ্যালঘু এই গোষ্ঠীটি আরাকান আর্মির হামলারও শিকার হয়েছে; যারা ২০২৪ সালের মে মাসে রোহিঙ্গা অধ্যুষিত বুথিডংয়ের বিস্তীর্ণ এলাকায় আগুন ধরিয়ে দিয়েছিল।

• রোহিঙ্গারা কেন ফিরতে পারছেন না?

আন্তর্জাতিক বিভিন্ন দাতব্য সংস্থা বলছে, রাখাইনে সংঘাত চলমান থাকায় রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে ফেরার মতো পরিবেশ বর্তমানে নেই।

মিয়ানমার গত আগস্টে বলেছিল, বাংলাদেশের বাস্তুচ্যুত শিবিরগুলোতে বসবাসরত ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই করা হয়েছে। তবে রাখাইনে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলেই কেবল প্রত্যাবাসন শুরু হবে।

কিছু রোহিঙ্গা শরণার্থী বলেছেন, পূর্ণ অধিকার, মর্যাদা ও নাগরিকত্ব ছাড়া তারা ফিরে যেতে ইচ্ছুক নন।

মিয়ানমার সরকার দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের প্রতিবেশী বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী হিসেবে দেখে আসছে এবং রোহিঙ্গা পরিবারগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করা সত্ত্বেও তাদের নাগরিকত্ব থেকে বঞ্চিত করেছে।

২০১৮ ও ২০১৯ সালের আগের প্রত্যাবাসন পরিকল্পনাগুলোর ফলে কেউ ফিরে যাননি।

 

 

সূত্র: রয়টার্স।

আ ই/ এনজি