নিজস্ব প্রতিবেদক
১৫ জানুয়ারি, ২০২৬
- বৈষম্য হ্রাসে জিডিপির প্রায় ২% ব্যয়ে ১০ দফা জাতীয় কর্মসূচি
- মাসে ৪,৫৪০ টাকা সর্বজনীন ন্যূনতম আয় কর্মসূচি
- ১.১৮ কোটি শিক্ষার্থীর জন্য বিদ্যালয়ে মিড-ডে মিল
- বছরে ১ লাখ টাকা চিকিৎসা সুবিধাসহ জাতীয় স্বাস্থ্য কার্ড
- যুব ক্রেডিট কার্ডে সুদ ও জামানতবিহীন ঋণ সুবিধা
- ১ কোটি ৬৫ লাখ কৃষি পরিবারের জন্য স্মার্ট কৃষি কার্ড
- ৭.১৭ কোটি শ্রমশক্তিকে লক্ষ্য করে জাতীয় শ্রমবাজার প্ল্যাটফরম

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর বনানীতে এক হোটেলে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে নাগরিক ইশতেহার ২০২৬-এর পাশাপাশি এসব জাতীয় কর্মসূচি তুলে ধরা হয়।
তিনি আরো বলেন, ‘সামষ্টিক অর্থনীতি থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন খাতে নীতিগত প্রস্তাব তুলে ধরা হয়েছে।
নাগরিক প্ল্যাটফরমের মতে, প্রস্তাবিত কর্মসূচির মূল লক্ষ্য হলো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সম্ভাবনাকে কাজে লাগিয়ে সামাজিক উত্তরণ নিশ্চিত করা, আয় ও সুযোগের বৈষম্য কমানো এবং টেকসই উন্নয়নের গতি ত্বরান্বিত করা। বিদ্যালয়ের শিশু থেকে শুরু করে কৃষক, শ্রমজীবী মানুষ, যুবসমাজ, বয়স্ক নাগরিক, কর্মজীবী নারী এবং শহরের মধ্যবিত্ত—সব শ্রেণির মানুষের জীবনমান উন্নয়নের পরিকল্পনা এতে অন্তর্ভুক্ত রয়েছে।
কল্যাণ ও সামাজিক নিরাপত্তাকে কর্মসূচির কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে। সবচেয়ে বড় প্রস্তাব হিসেবে তুলে ধরা হয়েছে সর্বজনীন ন্যূনতম আয় কর্মসূচি। এর আওতায় প্রতি পরিবার মাসে ৪ হাজার ৫৪০ টাকা নগদ সহায়তা পাবে। তিন ধাপে দেশব্যাপী এই কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে, যার চূড়ান্ত পর্যায়ে ১ কোটি ৪৭ লাখ পরিবার এর আওতায় আসবে। প্রথম ধাপে ৩৬ জেলায় বাস্তবায়নে বার্ষিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০ হাজার ৬০০ কোটি টাকা।
শিক্ষাখাতে বৈষম্য কমানো ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখার লক্ষ্যে সরকারি বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। সরকারি প্রাথমিক, মাধ্যমিক এবং এমপিওভুক্ত বিদ্যালয়ের প্রায় ১ কোটি ১৮ লাখ শিক্ষার্থী প্রতিদিন এক বেলা পুষ্টিকর খাবার পাবে। নাগরিক প্ল্যাটফরমের আশা, এতে ঝরে পড়া, শিশুশ্রম ও বাল্যবিবাহ উল্লেখযোগ্যভাবে কমবে।
স্বাস্থ্যখাতে প্রস্তাব করা হয়েছে জাতীয় স্বাস্থ্য কার্ড চালুর। এই কার্ডের মাধ্যমে প্রতি পরিবার বছরে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত চিকিৎসা সেবা নিতে পারবে। প্রথম ধাপে ৬১ লাখ বয়স্ক ভাতাভোগীর পরিবারকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এর সম্ভাব্য সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে ৬১ হাজার কোটি টাকা।
যুবসমাজের কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নের জন্য প্রস্তাব করা হয়েছে যুব ক্রেডিট কার্ড। ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণদের জন্য সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত সুদ ও জামানতবিহীন ঋণের ব্যবস্থা থাকবে, যেখানে প্রতি বছর এক লাখ যুবক-যুবতী এই সুবিধা পাবে।
কৃষি খাতে প্রস্তাবিত স্মার্ট কৃষি কার্ড–বাংলাদেশ কর্মসূচির মাধ্যমে প্রায় ১ কোটি ৬৫ লাখ কৃষি পরিবার চাহিদাভিত্তিক কৃষি প্রণোদনা ও ডিজিটাল সম্প্রসারণ সেবা পাবে। একই সঙ্গে দেশের ভেতরে ও বাইরে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে জাতীয় শ্রমবাজার তথ্য বিনিময় প্ল্যাটফরম চালুর প্রস্তাব করা হয়েছে, যা প্রায় ৭ কোটি ১৭ লাখ শ্রমশক্তিকে লক্ষ্য করে তৈরি হবে।
নগরজীবনের ভোগান্তি কমাতে সরকার নিয়ন্ত্রিত ও ফ্র্যাঞ্চাইজভিত্তিক সমন্বিত গণপরিবহন ব্যবস্থা চালুর কথা বলা হয়েছে, যেখানে বাসচালক ও সহকারীরা হবেন বেতনভুক্ত কর্মচারী। রাজস্ব ব্যবস্থায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে সমন্বিত কর ব্যবস্থা চালুর প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে স্বয়ংক্রিয় রিটার্ন দাখিল, ই-পেমেন্ট এবং দ্রুত কর ফেরত নিশ্চিত করা যায়। পাশাপাশি নাগরিক সেবার ভিত্তি হিসেবে একটি জাতীয় সমন্বিত তথ্যভাণ্ডার গড়ে তোলার সুপারিশ করা হয়েছে, যেখানে সব নাগরিকের গুরুত্বপূর্ণ তথ্য আন্তঃসংযুক্ত থাকবে।
নাগরিক প্ল্যাটফরমের মতে, রাজনৈতিক অঙ্গীকার, দুর্নীতি নিয়ন্ত্রণ, ডিজিটাল রূপান্তর এবং চলমান প্রকল্পগুলোর যৌক্তিক পরিমার্জন নিশ্চিত করা গেলে এই ১০ দফা জাতীয় কর্মসূচি বাস্তবায়নযোগ্য ও কার্যকর হবে। এর মধ্য দিয়ে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার, গণতান্ত্রিক জবাবদিহি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে বলে তারা আশা প্রকাশ করেছে।
জা ই / এনজি






