বিকাল ৫:২৯ | বৃহস্পতিবার | ১৯ নভেম্বর, ২০২৬ | ৪ অগ্রহায়ণ, ১৪৩৩, হেমন্তকাল | ৮ জমাদিউস সানি, ১৪৪৮

আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ,লালমনিরহাট

  ১৯ নভেম্বর ২০২৬
facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button
প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

 

আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, দেশের নিজস্ব বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে মহাকাশে পাঠানো হবে, ইনশাআল্লাহ। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।

আজ লালমনিরহাটে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ দুইদিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে।

ছবি: পিএমও

ছবি: পিএমও

অনুষ্ঠানে তরুণ গবেষক ও শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা স্পারসোর নাম শুনেছেন। আমরা অলরেডি কাজে হাত দিয়েছি। আগামী তিন বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব। আমাদের বিজ্ঞানীরা এ নিয়ে কাজ করছেন। তারা সবাই বাংলাদেশের বিজ্ঞানী।’

প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিগত বিপ্লবের এই যুগে দেশের তরুণ প্রজন্ম যথাযথ বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক (এসটিইএম) শিক্ষা, গবেষণার সুযোগ এবং আধুনিক গবেষণাগার ও ইনকিউবেশন সুবিধা পেলে বৈশ্বিক উদ্ভাবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। এ জন্য প্রয়োজন একটি কার্যকর ও মেধাভিত্তিক ইকোসিস্টেম গড়ে তোলা। বর্তমান সরকার সেই পরিবেশ তৈরিতে কাজ করছে।

তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিই আগামী বিশ্বকে নেতৃত্ব দেবে। ফলে বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকার অর্থ হচ্ছে নিজেকে এবং দেশকে পিছিয়ে রাখা। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে তরুণদের এখন থেকেই নিজেদের যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে।

তারেক রহমান বলেন, শুধু বিমান চালনা বা পরিচালনার মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখলে চলবে না। উপযুক্ত পরিবেশ ও সহযোগিতা পেলে বাংলাদেশের তরুণেরা একদিন আকাশ জয় করতে সক্ষম হবে।

এভিয়েশন ও অ্যারোস্পেসকে মানবজাতির জ্ঞান, উদ্ভাবনী শক্তি, সাহস এবং সুদূরপ্রসারী স্বপ্নের প্রতিফলন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এভিয়েশন আকাশপথে চলাচলের সুযোগ সৃষ্টি করে, আর অ্যারোস্পেস পৃথিবীর বায়ুমণ্ডল পেরিয়ে মহাকাশের অসীম সম্ভাবনার দ্বার উন্মোচন করে।

ছবি: পিএমও

ছবি: পিএমও

তিনি বলেন, বর্তমান সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের একমাত্র এভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে এভিয়েশন কেবল যাতায়াতের মাধ্যম নয়; আন্তর্জাতিক বাণিজ্য, পর্যটন, চিকিৎসা এবং অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, ক্রমবর্ধমান অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য এবং পর্যটনশিল্পের বিকাশের কারণে এ খাতের সম্ভাবনা আরও বেড়েছে।

তরুণ প্রজন্মকে শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয়, বরং প্রযুক্তির উদ্ভাবক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে নতুন কিছু উদ্ভাবন, প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করা এবং অসম্ভবকে সম্ভব করার অসীম সম্ভাবনা রয়েছে। এ জন্য প্রয়োজন আত্মবিশ্বাস, সাহস এবং নতুন কিছু করার দৃঢ় প্রত্যয়।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু ভাবতে হবে। উদ্ভাবনের সাহস দেখাতে হবে এবং নিজেদের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় অবদান রাখতে হবে। এ ক্ষেত্রে সরকার তাদের পাশে থাকবে।

তরুণদের উদ্ভাবনী উদ্যোগে অর্থের অভাব যেন বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যে সরকার ৫০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সঠিকভাবে এই অর্থ ব্যবহারের পরও প্রয়োজন হলে সরকার আরও অর্থ বরাদ্দ দেবে। তবে তরুণদের এগিয়ে যেতে হবে এবং নতুন নতুন উদ্ভাবনে মনোযোগী হতে হবে।

অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তরুণ গবেষক ও শিক্ষার্থীদের উদ্ভাবনগুলোকে বাস্তব জীবনে প্রয়োগের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এসব উদ্ভাবন কীভাবে যোগাযোগব্যবস্থাকে আরও গতিশীল করতে পারে, কৃষিকাজে সহায়তা করতে পারে এবং দুর্যোগ মোকাবিলায় ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, সরকার যথাসাধ্য তাদের সহযোগিতা করবে। এ ধরনের প্রতিযোগিতা বাংলাদেশের নিজস্ব অ্যারোস্পেস প্রযুক্তি ও গবেষণার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, এ উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তরুণদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বাংলাদেশ শুধু অন্যের প্রযুক্তি ব্যবহার করবে না, বরং দেশের তরুণদের উদ্ভাবিত প্রযুক্তির মাধ্যমে নতুন শিল্পের বিকাশ ঘটিয়ে বিশ্ব দরবারে সম্মানজনক অবস্থান তৈরি করবে।

উচ্চশিক্ষা, গবেষণা ও দক্ষ জনশক্তি গড়ে তোলার পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে উদ্ভাবনী চিন্তার বিকাশে এ ধরনের প্রতিযোগিতা আগামী দিনগুলোতে আরও নতুন নতুন উদ্ভাবন নিয়ে আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

প্রতিযোগিতায় দেশের তরুণ উদ্ভাবকদের নিয়ে গঠিত ৭৪টি দল ও ২৯৬ জন অংশগ্রহণকারী অংশগ্রহণ করছেন। ফিক্সড-উইং ইউএভি, রোটরক্রাফট, স্পেস রোবোটিক্স এবং সকার বট—এই চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

 

 

 

জা ই / এনজি