রাত ৮:৫৫ | বৃহস্পতিবার | ১৯ নভেম্বর, ২০২৬ | ৪ অগ্রহায়ণ, ১৪৩৩, হেমন্তকাল | ৮ জমাদিউস সানি, ১৪৪৮

ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী

 নিজস্ব প্রতিবেদক লালমনিরহাট

১৯ নভেম্বর, ২০২৬

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button

দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও নিরাপত্তা রক্ষায় সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, দেশের মানুষ আর গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরে যেতে চায় না। আসুন, আমরা ঐক্যবদ্ধ হই এবং এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই। সঠিকভাবে ও শক্তভাবে জবাব দিই। যাতে করে তারা আর ভবিষ্যতে বাংলাদেশের ভাগ্য এবং বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।

আজ দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার যখন দেশের নারী-পুরুষ, শিশুসহ ছাত্র-ছাত্রী, বেকার যুবক, কৃষক ও শ্রমিকদের জন্য কাজ করার চেষ্টা করছে, তখন দেশের বিরুদ্ধে একটি গ্রুপ, একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। এই সন্ত্রাসী গ্রুপটি জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর এই দেশকে জোর করে শাসন করেছিল।

তিনি বলেন, ১৬ বছর তারা জনগণের কথা বলার অধিকার ও ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচনে ফিরে পেতে চায় না বাংলাদেশের মানুষ। যারা নিশিরাতে নির্বাচন করেছিল, আমি-ডামির নির্বাচন করেছিল, তারা এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।

তারেক রহমান বলেন, ১৬ বছর ক্ষমতা দখল করে থেকেও কেন তারা তিস্তা ব্যারাজের কাজ, তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজের কাজ করেনি? কেন তারা এই এলাকায় গ্যাসলাইন আনেনি? কেন এই এলাকায় ইপিজেড স্থাপন  করেনি? এই প্রশ্ন আমার ও আপনাদেরও। কারণ এই দেশের মানুষের প্রতি বা এই দেশের প্রতি তাদের কোনো দরদ ছিল না। সেজন্যই আমরা দেখেছি, প্রতিবছর লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। বিশ্বজুড়ে আন্তর্জাতিক পত্রপত্রিকায় উঠে এসেছে, কীভাবে এই দেশের দুস্থ, অসহায়, গরিব মানুষের টাকা বিদেশে পাচার করে তারা আরাম-আয়েশে জীবনযাপন করেছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, তারা এই দেশের ও মানুষের স্বার্থ দেখেনি। সীমান্তের ওপারে যে দেশে তারা পালিয়ে গেছে. সেটা হচ্ছে তাদের প্রভু। সেই প্রভুদেরকে খুশি করার জন্য তারা আবার এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

তিনি বলেন, চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে ভোটের অধিকার, কথা বলার অধিকার, গুম-খুন বন্ধের যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই অধিকার তারা আবার কেড়ে নিতে চায়। তাদেরকে কি আবার গুম-খুন, ভোটের অধিকার ও মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি করার অনুমতি আপনারা দেবেন?

প্রধানমন্ত্রী বলেন, যদি তা না হয়, তাহলে আসুন, যেভাবে ২০২৪ সালে বাংলাদেশের সকল গণতন্ত্রপ্রিয় মানুষ একসাথে ঐক্যবদ্ধ হয়ে এই দেশ থেকে সেই খুনি-সন্ত্রাসীদের বিতাড়িত করেছিল, ঠিক সেইভাবে আজ আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।

তিনি বলেন, গত কয়েকদিন দেখেছেন, ক্ষমতায় থাকতে তারা মানুষের সহায়-সম্পত্তি লুটতরাজ করেছে, মানুষকে নির্যাতন করেছে, গুম করেছে। পালিয়ে যাওয়ার পরও তারা আবার আগুনের সন্ত্রাস শুরু করেছে। আবার মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি শুরু করেছে। মানুষকে আক্রমণ করে হত্যার রাজনীতি শুরু করেছে।

বাংলাদেশের মানুষ আর ভোট দখলের, গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতাকে ধরে রাখার জন্য তারা ১৪০০ মানুষকে হত্যা করেছে। তারা ৬০ জন শিশুকে হত্যা করেছে। যারা মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চায়, দেশ এবং জনগণের প্রতি তাদের কোনো কর্তব্য থাকতে পারে না।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা চায়, স্বস্তি চায়, দেশের অগ্রগতি চায়। যদি দেশ ও জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে সকল রাজনৈতিক দল, যারা চব্বিশের সময় গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, তাদের সবাইকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। এই সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিয়ে দিতে হবে—এনাফ ইজ এনাফ। যথেষ্ট হয়েছে, আর নয়।

প্রধানমন্ত্রী বলেন, লালমনিরহাটের মানুষ বরাবর গণতন্ত্রের পক্ষে ছিল, সন্ত্রাসের বিরুদ্ধে ছিল, ইনশাআল্লাহ আগামী দিনেও তারা একইভাবে সন্ত্রাসের বিরুদ্ধে থাকবে, গণতন্ত্রের পক্ষে থাকবে। আমরা চাই আমাদের দেশের শিল্প-কলকারখানাগুলো সঠিকভাবে গড়ে তুলতে এবং দেশে উৎপাদন বাড়াতে। আমরা চাই ফসলের উৎপাদন বাড়াতে। আমরা চাই আমাদের দেশের মানুষ যাতে সঠিকভাবে শিক্ষা পায়, সেই ব্যবস্থা করতে। আমরা চাই আমাদের মা-বোনেরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে গড়ে উঠতে পারে।