রাত ১২:৫৩ | বৃহস্পতিবার | ১৯ নভেম্বর, ২০২৬ | ৪ অগ্রহায়ণ, ১৪৩৩, হেমন্তকাল | ৮ জমাদিউস সানি, ১৪৪৮

পাঁচ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

পাঁচ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

প্রথম ইনিংসে চারশ করা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে বেশ বড় বিপদে পড়েছে। একশ হওয়ার আগেই পাঁচ উইকেট নেই তাদের। চা বিরতির আগে বাংলাদেশ তিন উইকেট হারায়। শেষ সেশনের শুরুতে দ্রুত আরও দুটি উইকেট পড়ে। ৮৭ রানের মধ্যে ব্যাটিং লাইনের প্রথম পাঁচ ব্যাটার বিদায় নিয়েছেন। আলোর স্বল্পতায় চতুর্থ দিনের বাকি ৮০ মিনিটের খেলা নিয়ে শঙ্কা জেগেছে।

নতুন ব্যাটার হিসেবে নেমে মুমিনুল হক খেলতে পেরেছেন মাত্র ৩ বল। প্রথম ইনিংসে ডাক মারা এই ব্যাটার ১ রান করে রাবাদার বলে বোল্ড হন। ১১ ও ১২ রানে বাংলাদেশ হারায় দুটি উইকেট। আগের ইনিংসে ম্যাচের প্রথম বলে ডাক মারা মাহফিজুল ইসলাম রবিন দুইবার জীবন পান। একবার প্রথম স্লিপে উইয়ান মুল্ডারের হাত ফসকে, আরেকবার রিভিউ নিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি রানের খাতা খোলেন রাবাদাকে চার মেরে।

রবিনকে নিয়ে নাজমুল হোসেন শান্ত ৩১ রানের জুটি গড়ে থামেন। সিমন হারমারের বল খোঁচা দিয়ে এইডেন মারক্রামের সহজ ক্যাচ হলে ১১ রানে থামে অধিনায়কের ইনিংস। প্রথম ইনিংসে দারুণ পারফর্ম করা তাওহীদ হৃদয় রবিনকে নিয়ে দলীয় স্কোর ৫৮ রানে রেখে চা বিরতিতে যান। ফিরে চতুর্থ ওভারে এই জুটি ভেঙে যায়। প্রথম ইনিংসে ডাক মারা রবিন ৩২ রানে হারমারের বলে বোল্ড হন। হৃদয়কে ২৩ রানে রিকেলটনের ক্যাচ বানান রাবাদা।

 

 

কা হি/ এনজি