স্পোর্টস ডেস্ক

দারুণ ব্যাটিংয়ের পর বোলিংয়েও উড়ন্ত শুরু বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় ওভারেই দলকে ব্রেকথ্রু এনে দেন হাসান মাহমুদ। লাঞ্চের আগে মাত্র ৫ ওভার খেলা হয়েছে, তাতেই উদ্বোধনী জুটি ভেঙেছে টাইগাররা। অবশ্য ২ উইকেট নিয়ে লাঞ্চে যাওয়ার সুযোগ এসেছিল, তবে তাসকিন আহমেদের একটি ডেলিভারিতে লেগ বিফোর হলেও সেটি নো বল হওয়ায় বেঁচে যায় প্রোটিয়ারা।
ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলটি ভালো লেংথে অফ স্টাম্পের বাইরে করেছিলেন হাসান, সেখানে এইডেন মার্করামের ব্যাটের কানা ছুঁয়ে বল যায় লিটন দাসের গ্লাভসে। ৮ বলে ৪ রান করে মার্করাম ফিরলে ভাঙে ৫ রানের উদ্বোধনী জুটি।
পঞ্চম ওভারের চতুর্থ বলটি ব্যাটে খেলতে পারেননি জোবায়ের হামজা, সরাসরি তার প্যাডে আঘাত হানে বল। জোরালো আবেদন হলেও নো বলের সংকেত দেন আম্পায়ার। পরে দেখা যায় এটা নিশ্চিত লেগ বিফোর ছিল, কিন্তু নো বল হওয়ায় বেঁচে যান হামজা।
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে প্রোটিয়াদের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড গড়েছে বাংলাদেশ। এ ছাড়া গত ১৭ বছরে এই প্রথমবার কোনো সফরকারী দল জোহানেসবার্গে এক ইনিংসে ৪০০ রান করেছে।
কা হি/ এনজি






