রাত ৯:২৭ | শনিবার | ৭ নভেম্বর, ২০২৬ | ২২ কার্তিক, ১৪৩৩, হেমন্তকাল | ২৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮

যা খুশি বলো, চরিত্র নিয়ে প্রশ্ন করো, আমি নারীর পক্ষেই থাকব: প্রভা

অভিনেত্রী পরীমনির পাশে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার পর সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তার অতীতের একটি ব্যক্তিগত ভিডিও ভাইরাল হওয়ার ঘটনা টেনে অনেকে তাকে কটাক্ষ করছেন। এবার এসব সমালোচনার জবাব দিয়েছেন প্রভা। জানিয়েছেন, মানুষের অপমান বা কটূক্তি তার নীতিতে পরিবর্তন আনতে পারবে না। যেকোনো নারীর অসম্মান ও হয়রানির বিরুদ্ধে তিনি কথা বলবেন।

একজন নারীর সব কাজের সঙ্গে একমত না হলেও তাকে অসম্মান বা হয়রানি করার অধিকার কারও নেই বলে মনে করেন প্রভা। লিখেছেন, ‘একজন নারীর প্রতিটি কাজের সঙ্গে আমি একমত নাও হতে পারি। তার অসদাচরণ বা মানুষকে গালিগালাজ করা আমার ব্যক্তিত্বের সঙ্গে যায় না। তার আচরণ আমি সমর্থন করি না। কিন্তু তাই বলে তাকে অসম্মান, হয়রানি করা কিংবা অনিরাপদ বোধ করানোর অধিকার কারও নেই। তার পছন্দ ও চরিত্রের বিচার তার এবং সর্বশক্তিমানের মধ্যে। তার মর্যাদা নিয়ে বিতর্কের সুযোগ নেই।’

পরীমনির অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, ‘ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলে আমার উপলব্ধি হয়েছে, সাংবাদিকের বিরুদ্ধে আনা অভিযোগটি হয়তো সত্য ছিল না। সেই পরিস্থিতিতে তাকে যা সহ্য করতে হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে সহমর্মিতা অনুভব করি।’

নিজের অতীতের একটি ঘটনা টেনে যারা তাকে কটাক্ষ করছেন, তাদের উদ্দেশেও জবাব দিয়েছেন অভিনেত্রী। তার ভাষায়, ‘যারা এমন একটি ঘটনার জন্য আমাকে লজ্জিত করতে চাইছেন, যে ঘটনার জন্য আমি কখনোই দায়ী ছিলাম না—আপনাদের অভিযোগ আমাকে অপরাধী করে না। আপনাদের বিচার আমার পরিচয় নির্ধারণ করে না।’

উল্লেখ্য, গত ৫ নভেম্বর আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুলে আলোচনায় আসেন পরীমনি। পরে এক ভিডিও বার্তায় পরীমনির পাশে দাঁড়িয়ে নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার কথাও জানিয়েছিলেন প্রভা। তবে তার সেই বক্তব্যের পর সামাজিক মাধ্যমে অনেকেই সমালোচনা করেন। এবার সেই সমালোচনার জবাবেই নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী।

 

 

ফা আ/ এনজি