রাত ৪:৪৩ | মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর, ২০২৬ | ১৪ আশ্বিন, ১৪৩৩, শরৎকাল | ১৭ রবিউস সানি, ১৪৪৮

আবার একসঙ্গে শিমুল-লামিমা

বিনোদন ডেস্ক

কাজল আরেফিন অমির ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে শুরু করে সিরিজ ‘ফিমেল’, ওয়েব ফিল্ম ‘অসময়’, ‘হোটেল রিল্যাক্স’ দিয়ে দর্শকদের কাছে ব্যাপকভাবে নজর কাড়েন শিমুল শর্মা ও লামিমা লাম। প্রযোজনা সংস্থা ‘বঙ্গ’ অরিজিনাল -এর গণ্ডির মধ্যে থেকেই নিজেদের প্রতিষ্ঠিত করে নেন এই অভিনেতা জুটি।

এবার সেই জনপ্রিয় জুটিকে নিয়ে নতুন নাটকের খবর মিলেছে। রোম্যান্টিক-কমেডি ঘরানার সেই নাটকের নাম ‘চেক আউট’।

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশ করা হয়েছে নাটকটির প্রথম অফিসিয়াল পোস্টার। যেখানে ক্যাপশনে লেখা রয়েছে— ‘ক্যামেরার সামনে পারফেক্ট স্মাইল, কিন্তু পেছনের গল্পটা পুরোপুরি উল্টো!’

বঙ্গ অরিজিনাল-এর ব্যানারে নির্মিত এই বিশেষ নাটকটি পরিচালনা করেছেন মাজিদুল ইসলাম স্বাধীন। নাটকটির মূল গল্প লিখেছেন শিমুল শর্মা নিজেই। চিত্রনাট্য ও সংলাপে তার সঙ্গে যৌথভাবে কাজ করেছেন মানব মিত্র।

এর আগে গত বছর মুক্তি পায় শিমুল-লামিমা অভিনীত নাটক ‘শর্টকাট’। সেখানে মামুন ও লায়লা চরিত্রে তাদের সমসাময়িক জীবনের রসায়ন ব্যাপকভাবে উপভোগ করেছিলেন দর্শকরা। সেই ধারাবাহিকতায় এবার ‘চেক আউট’ নাটক নিয়ে হাজির হচ্ছেন তারা। এতে শিমুল-লামিমা জুটি ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তুষার খান, রেশমা আহমেদ, সায়কা শামসীর, ক্রিস্টিয়ানো তন্ময়, শাওন রিহান ও এমা।

ফা আ/ এনজি