রাত ৪:১৭ | সোমবার | ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১৩ আশ্বিন, ১৪৩৩, শরৎকাল | ১৬ রবিউস সানি, ১৪৪৮

পাকিস্তান সীমান্তে ২৮ সশস্ত্র জঙ্গিকে হত্যার দাবি আফগানিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তান সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে প্রবেশ করা অন্তত ২৮ যোদ্ধাকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে দেশটির ক্ষমতাসীন তালেবান নিয়ন্ত্রিত প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে পরিচালিত এই অভিযানে আরও ৩২ জন আহত হয়েছেন। আফগান কর্তৃপক্ষ বলেছে, নিহতদের মধ্যে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কট্টরপন্থী যোদ্ধারাও আছেন।

তবে আফগান সরকারের এই দাবি কিংবা হতাহতের সংখ্যা নিরপেক্ষ কোনও সূত্র থেকে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। অন্যদিকে, কাবুলের এই অভিযোগের বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনী কিংবা তথ্য মন্ত্রণালয়ও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ।

সাবেক আফগান সামরিক সদস্যদের প্রলোভন দেখিয়ে প্রশিক্ষণ এবং সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা সহায়তা করেছে বলে অভিযোগ করেছে আফগানিস্তান। দেশটির ভূখণ্ডে পাকিস্তানের সামরিক বাহিনী বিমান হামলা চালানোর মাত্র এক সপ্তাহের মাথায় এই অভিযোগ করা হয়েছে।

পাকিস্তান দীর্ঘদিন ধরে বলছে, তাদের ভূখণ্ডে হামলা চালানো সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে আফগানিস্তান। যদিও কাবুল বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শনিবার পাকিস্তান সীমান্ত লাগোয়া নুরিস্তানের কামদেশ এলাকায় বড় ধরনের নাশকতা চালানোর উদ্দেশ্যে সশস্ত্র একটি দল অনুপ্রবেশ করে। খবর পেয়ে আফগান বাহিনী দ্রুত অভিযানে শুরু করে। পরে দুই পক্ষের মধ্যে তুমুল বন্দুকযুদ্ধ চলে। একপর্যায়ে কোণঠাসা হয়ে পরা বেঁচে যাওয়া হামলাকারীরা পুনরায় সীমান্ত পেরিয়ে পাকিস্তানি মিলিশিয়া গোষ্ঠীগুলোর অবস্থানের দিকে পালিয়ে যায়।

এর আগে, গত ২১ সেপ্টেম্বর আফগানিস্তানে বিমান হামলা চালায় পাকিস্তান। ইসলামাবাদ দাবি করেছিল, ওই হামলায় ২৮ জন জঙ্গি নিহত হয়েছে। তবে আফগান কর্তৃপক্ষ বেসামরিক লোকজনের প্রাণহানির অভিযোগ তোলে এবং পরবর্তীতে জাতিসংঘ মিশনও অন্তত ৩ বেসামরিক নাগরিকের মৃত্যুর তথ্য নিশ্চিত করে।

 

 

সূত্র: রয়টার্স

আ ই / এনজি