রাত ৯:০৩ | বৃহস্পতিবার | ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৯ আশ্বিন, ১৪৩৩, শরৎকাল | ১২ রবিউস সানি, ১৪৪৮

এবি পার্টি : সাত মাসে তিনবার জ্বালানির দাম বৃদ্ধি সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ

জ্যেষ্ঠ প্রতিবেদক

জনস্বার্থের তোয়াক্কা না করে গত সাত মাসে তিনবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরকারের দেউলিয়াত্বের স্পষ্ট বহিঃপ্রকাশ বলে দাবি করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ‘জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি : জনস্বার্থ ও অর্থনীতির ওপর প্রভাব’-শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এবি পার্টির নেতারা।

সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, সরকার ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে। এর মধ্যে- ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে। সামনে বোরো মৌসুম থাকায় সেচ ও কৃষিযন্ত্রের পরিচালন ব্যয় বাড়বে, যার প্রত্যক্ষ প্রভাব পড়বে কৃষিপণ্যের উৎপাদন ও পরিবহন খরচে। আগস্ট মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি যেখানে ছিল ৮ দশমিক ২৬ শতাংশ, সেখানে জ্বালানির এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতার ওপর নতুন করে চরম আঘাত হানবে।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন দলের ছায়া সরকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান।

তিনি জানান, মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ২২ হাজার ৮৭৬ কোটি টাকা লোকসানের দাবি করা হলেও ফ্রেইট, ইন্স্যুরেন্স, ট্যাক্স ও বিতরণ খরচসহ প্রকৃত ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব জনগণের সামনে উন্মোচন করা উচিত। একই সঙ্গে বিপিসির অপচয়, সিস্টেম লস ও জ্বালানি চুরি বন্ধে একটি স্বাধীন নিরপেক্ষ অডিটের দাবি জানান তিনি।

এছাড়া প্রকৃত কৃষকদের জন্য বিশেষ ডিজেল সহায়তা চালু, সীমান্ত পথে জ্বালানি পাচার রোধে ডিজিটাল ট্র্যাকিং ও একটি জরুরি জ্বালানি তহবিল গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা, মো. আলতাফ হোসাইন, শাহাদাতুল্লাহ টুটুল, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুল হালিম খোকন ও উত্তরের আহ্বায়ক সেলিম খানসহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

 

জা ই / এনজি