কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহন নামে একটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে রামুর কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। বাসটিতে তখন ৩০ জন যাত্রী ছিলেন। স্থানীয় লোকজনের সহায়তায় জানালার কাচ ভেঙে তাদের দ্রুত বের করে আনা হয়। এতে কেউ হতাহত হননি।
বাসের ভেতরে থাকা যাত্রীদের মালামালও পরে বের করে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পরিবারের সাত সদস্যসহ কক্সবাজারে বেড়াতে আসা সোহেল রানা নামে এক যাত্রী জানান, স্থানীয় লোকজনের সহযোগিতায় দ্রুত জানালার কাচ ভাঙতে সক্ষম হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি ও ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় আগুনের সূত্রপাত হতে পারে।
রামু হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক মোহাম্মদ পারভেজ জানান, খবর পাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। কাছাকাছি অবস্থানে থাকায় দ্রুত সেখানে গিয়ে যাত্রীদের নিরাপদে বাস থেকে বের করে আনা হয়।






