১০ আগস্ট, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে প্রথমবারের মতো তিনটি গ্রামকে এসডিজি ভিলেজ পাইলট প্রকল্প হিসেবে উদ্বোধন করেছেন ।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলনে তিনি এ প্রকল্প উদ্বোধন করেন।
আজ সোমবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ কথা জানান।
পাইলট প্রকল্পের আওতায় নির্বাচিত গ্রাম তিনটি হলো দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিংগাছড়ি।
এই প্রকল্পের আওতায় গ্রামগুলোতে পর্যায়ক্রমে দারিদ্র্য বিমোচন, জলাবদ্ধতা ও কৃষিজমি নিষ্কাশন সমস্যার সমাধান, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার উন্নয়ন, মাতৃ ও শিশুমৃত্যু হ্রাস এবং বিশুদ্ধ পানীয় জল ও আধুনিক স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ করা হবে।
জা ই/ এনজি






