বিনোদন ডেস্ক
দেশজুড়ে দেখা দিয়েছে অতিবৃষ্টি। পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর অনেক অঞ্চল বন্যায় কবলিত। এদিকে রাজধানী ঢাকাতেও দুদিন ধরে বৃষ্টিপাতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। নগরজীবন প্রায় অচল।
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার ফেসবুক বার্তায় লিখেছেন, ‘বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত সকল মানুষের জন্য আন্তরিক দোয়া রইল। এই কঠিন সময়ে যারা নিজেদের প্রিয়জন, ঘরবাড়ি বা জীবিকার ক্ষতির মুখোমুখি হয়েছেন, আল্লাহ যেন তাদের ধৈর্য ও শক্তি দান করেন। যারা উদ্ধার ও ত্রাণকাজে নিরলস পরিশ্রম করছেন, তাদের প্রতিও গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আসুন, আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই। আশা করি খুব শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে এবং সবাই নিরাপদে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুন।’
এদিকে নাটকের অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীও বিষণ্ণ হয়ে আছেন। বন্যার্ত মানুষদের পুড়ছে তারও মন। তিনি ফেসবুকে লিখেছেন, ‘চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জ সহ দেশের ৭টির বেশি জেলা এখন পানির নিচে। হাজারো ঘর-বাড়ি তলিয়ে গেছে। মানুষ ছাদে, আশ্রয়কেন্দ্রে না খেয়ে দিন কাটাচ্ছে। আমরা যারা ভালো আছি তাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। এক প্যাকেট শুকনো খাবার, এক বোতল পানি অনেক বড় সাহায্য হতে পারে। ভালো আশ্রয়স্থলে স্থান নিন এবং অন্যকে যতটুক সম্ভব সাহায্য করুন। আল্লাহ বন্যাদুর্গত সবাইকে হেফাজত করুন। আমিন।’
প্রসঙ্গত, ২০২৪-এর বন্যায় দেশের শোবিজ ও সংস্কৃতি অঙ্গনের মানুষেরাও একত্রিত হয়ে সহযোগিতা পাঠিয়েছিলেন। এবার এখনো তেমন কোনো উদ্যোগের খবর পাওয়া যায়নি।
ফা আ/ এনজি






