দুপুর ২:৩৩ | সোমবার | ১৫ জুন, ২০২৬ | ১ আষাঢ়, ১৪৩৩, বর্ষাকাল | ২৮ জিলহজ, ১৪৪৭

ব্রাজিলে ‘এক’ হলেন অপু-বুবলী!

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনায় যখন সারা বিশ্বের মতো বাংলাদেশও মেতে উঠেছে, তখন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও নিজেদের প্রিয় দল নিয়ে মাতামাতিতে পিছিয়ে নেই। তাদের মধ্যে আলোচনায় চলে এসেছেন ঢালিউডের দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশ্বকাপ উপলক্ষে নিজের অবস্থান স্পষ্ট করে ব্রাজিলের প্রতি নিখাদ ভালোবাসার কথা জানান ঢালিউড কুইন অপু বিশ্বাস। তিনি নিজেকে ব্রাজিল দলের কট্টর সমর্থক দাবি করে বলেন, ‘আমি ব্রাজিল দলের কট্টর সমর্থক। আমি মনে করি, যারা নান্দনিক খেলা বোঝে, তারা ব্রাজিল করে। ফুটবল খেলা যে একটা আর্ট, সেটা আমি কেন জানি ব্রাজিলের খেলা দেখলেই মনে হয়।’

তবে অন্যরা যে খেলা একেবারেই বোঝেন না, তা বলতে চাননি এই নায়িকা। অপুর মতে, ব্রাজিলের খেলায় এমন এক ছন্দ আছে যা অন্য কোনো দলে তিনি খুঁজে পান না। প্রিয় দলের প্রতি ভালোবাসার পাশাপাশি আর্জেন্টিনার খুদে জাদুকর লিওনেল মেসির ব্যক্তিত্বেরও প্রশংসা করেছেন অপু। ফুটবলপ্রেমীদের কাছে তাই এই নায়িকার বার্তা, ব্রাজিলের প্রতি ভালোবাসা আর মেসির প্রতি সম্মান।

সাধারণত শাকিব খানের সমীকরণে অপু বিশ্বাস আর শবনম বুবলীকে সবসময় দেখা যায় দুই মেরুতে। ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েনে তাদের মধ্যকার বৈরী সম্পর্ক নিয়ে চর্চার শেষ নেই নেট দুনিয়ায়। কিন্তু চলমান ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের প্রশ্নে দুজনই এখন একই দলের জার্সিতে এক কাতারে এসে দাঁড়িয়েছেন। আর তাতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা।

তবে অপু ও বুবলী দুজনেই ব্রাজিলের ডেরায় যোগ দিলেও মেগাস্টার শাকিব খান কোন শিবিরের সমর্থক সেই উত্তর অবশ্য এখনো ধোঁয়াশাতেই রয়ে গেছে।