বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে। গতকাল প্রিমিয়ার লিগ খেলে ঢাকা থেকে নিজ শহর চট্টগ্রাম যাচ্ছিলেন তিনি। চট্টগ্রাম বিমানবন্দর থেকে সিএনজিতে করে বাসায় ফিরছিলেন নাঈম। যাত্রাপথে গাড়ি থেকে নামিয়ে জোরপূর্বক পুলিশের গাড়িতে উঠানো এবং মারধরের ঘটনা ঘটে বলে জানিয়েছেন টাইগার এই ক্রিকেটার।
রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর লালখানবাজার ফ্লাইওভারের মুখে এই ঘটনা ঘটে। এ নিয়ে বিসিবি আজ সকালে নিজেদের বিবৃতি দিয়েছে। সবশেষ এবার মুখ খুললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
নিজের ফেসবুক পেজে এক পোস্টে পাশে থাকার বার্তা দিয়ে তামিম বলছেন, ‘নাঈম হাসানের সঙ্গে গত রাতে যা হয়েছে, কোনোভাবেই তা গ্রহণযোগ্য নয়। রাতে নাঈম আমাকে ফোন করার পর থেকে তাৎক্ষণিকভাবে যা যা করা দরকার, করার চেষ্টা করেছি আমি ও অন্য বোর্ড পরিচালকরা। সংশ্লিষ্ট সব জায়গায় আমরা কথা বলছি, নাঈম ও তার পরিবারের সঙ্গেও নিবিড় যোগাযোগ রাখছি।’
ইতোমধ্যে এই ঘটনায় চট্টগ্রামের খুলশী থানার এক উপপরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া সিএমপি কমিশনারকে নাঈমের বাসায় যেতে দেখা গিয়েছে।






